জন্মদিনে আইয়ুব বাচ্চুর উত্তরসূরিরা
এমন কোনো জায়গা নেই যেখানে তাঁর কনসার্ট দেখিনি
আজকের সংগীতভুবনে আলো ছড়াচ্ছেন, এমন অনেকেরই মনে তরুণ বয়সে সংগীতের বীজ বুনে দিয়েছিলেন আইয়ুব বাচ্চু। এই গিটার জাদুকরের জন্মদিনে তাঁকে স্মরণ করলেন তরুণ এই শিল্পী।
শুভ
১৯৯৯ সাল। আমি তখন সিটি কলেজে পড়ি। ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে একটা কনসার্ট ছিল। ৬০ টাকা করে টিকিট। আমরা টিকিট ছাড়াই চুরি করে কনসার্টে ঢুকি। সেখানেই প্রথম সামনাসামনি বাচ্চু ভাইকে বাজাতে দেখি। এরপর ব্যাক টু ব্যাক কয়েকটা কনসার্ট দেখি। তিতুমীর কলেজ, রাওয়া ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বর—এমন কোনো জায়গা নেই যেখানে তাঁর কনসার্ট দেখিনি।
ডি রকস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম সরাসরি আইয়ুব বাচ্চুর সঙ্গে সাক্ষাৎ। আর মারা যাওয়ার পাঁচ দিন আগপর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ ছিল। এখন খালি মনে হয়, কেন আরও ঘনিষ্ঠ হতে পারলাম না, তাঁর সঙ্গে কেন আরও সময় কাটালাম না। আইয়ুব বাচ্চু একটা লাইফস্টাইল, অন্ধের মতো যেটা আমরা অনুসরণ করতাম। আমার পুরো সংগীতজীবনে তাঁর একটা বিরাট প্রভাব আছে। তাঁর একটা কথা শুনলেই আশীর্বাদের মতো মনে হতো। আমি অনেক ভাগ্যবান, তাঁকে কাছ থেকে পেয়েছি। কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাঁর না থাকাটা পরের প্রজন্মের জন্য বড় একটা মিস।