এমনটা বলেননি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোল কিডম্যান
নিকোল কিডম্যান

‘কিড’ তিনি নন, পূর্ণবয়স্কই। তবু নিকোল কিডম্যানের মন্তব্য অনেকেই দেখছেন ‘শিশুসুলভ’। পুরো শিল্পীসমাজ যেখানে ডোনাল্ড ট্রাম্পকে একরকম ধিক্কারই জানাচ্ছে, সেখানে কিডম্যান কিনা বলে বসলেন, প্রত্যেক আমেরিকানের উচিত ট্রাম্পকে সমর্থন দেওয়া!
মেরিল স্ট্রিপ কদিন আগে গোল্ডেন গ্লোবে রীতিমতো ধুয়ে দিয়েছেন ট্রাম্পকে। তাঁর চাঁছাছোলা মন্তব্য বাহবাও কুড়িয়েছে। অথচ এর মধ্যে কিডম্যান বিবিসিকে বলেছেন, ‘উনি তো এরই মধ্যে নির্বাচিত হয়েছেন। ফলে আমাদের উচিত যিনিই প্রেসিডেন্ট হোন না কেন, তাঁকে সমর্থন দেওয়া। এই গণতন্ত্রের ওপর ভিত্তি করেই দেশটা গড়ে উঠেছে।’
অস্কারজয়ী এই অভিনেত্রীর এমন মন্তব্যের পর পক্ষে-বিপক্ষে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ বাহবা দিচ্ছেন। আবার অনেকে বলছেন, নির্বাচিত হলেও ট্রাম্পের যে মানসিকতা, নারীদের ব্যাপারে তাঁর যে মতামত, গণতন্ত্রকে তিনি যেভাবে ব্যাখ্যা করেন, এর সমালোচনা করা শিল্পীদেরও দায়িত্ব। কিডম্যান কি শিল্পীদের সেই ভূমিকা থেকে সরে আসতে বলছেন?
এমন বিতর্কের মুখে মন্তব্যের ব্যাখ্যা দিতে হয়েছে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক কিডম্যানকে। কিডম্যান বলেছেন, ট্রাম্পকে তিনি ব্যক্তিগতভাবে সমর্থন করেন এমন নয়। তাঁর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি শুধু বলতে চেয়েছেন, গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রের সংবিধানবলে নির্বাচিতকে শ্রদ্ধা দেখানো, এর বেশি কিছু নয়। এবিসি।