এল সানিয়া রমার 'মাটির গান'

কণ্ঠশিল্পী সানিয়া রমার লোকগানের ডিভিডি অ্যালবাম ‘মাটির গান’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো গতকাল মঙ্গলবার। এদিন সন্ধ্যায় শিল্পীর অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, সংগীতজ্ঞ সঞ্জীব দে, কণ্ঠশিল্পী আসিফ আকবর, সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন, উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ,কাতার প্রবাসী ও ব্যবসায়ী মোহাম্মদ মানিক হোসেন এবং সাংবাদিক ই এম আকাশ । সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে অ্যালবামটির ভিডিও চিত্র প্রদর্শিত হয় এবং দ্বিতীয় পর্বে শিল্পী নিজে গান শোনান।
‘মাটির গান’ সানিয়া রমার দ্বিতীয় একক অ্যালবাম। অ্যালবামটিতে সম্পূর্ণ লোকধারার সাতটি গান রয়েছে। অ্যালবামটিতে রাধারমণ দত্ত, আবদুর রহমান বয়াতি প্রমুখের গান আছে। সানিয়া রমা বলেন, ‘দীর্ঘদিন পর আমার দ্বিতীয় অ্যালবামটিতে অনেক যত্ন নিয়ে কাজ করেছি। চেষ্টা করেছি শ্রোতা-দর্শকদের ভালো কিছু গান উপহার দিতে। আশা করি, আমার এই অ্যালবামের গানগুলো শ্রোতাদের মুগ্ধ করবে।’
অ্যালবামে স্থান পাওয়া উল্লেখযোগ্য কয়েকটি গান হচ্ছে ‘হৃদ মাঝারে’, ‘যাব মদিনা’, ‘জাতের বিচার নাই’, ‘নাচ’ ইত্যাদি।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কণ্ঠশিল্পী সাজেদ ফাতেমী।