এলআরবির মঞ্চে বাবা আইয়ুব বাচ্চুর সঙ্গে আহনাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহনাফ-আইয়ুব বাচ্চু
আহনাফ-আইয়ুব বাচ্চু

তবে কি বাংলাদেশের রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর পথেই হাঁটতে যাচ্ছে কিশোর আহনাফ তাজোয়ার আইয়ুব! তিন দিনব্যাপী বামবা-যমুনা ঈদ কনসার্টে সমাপনী ব্যান্ড হিসেবে আজ মঞ্চে উঠবে এলআরবি। সেখানে বাবার সঙ্গে গিটার বাজাতে দেখা যাবে ১৬ বছরের এই কিশোরকে। এলআরবি ব্যান্ডটির চার সদস্য আইয়ুব বাচ্চু,
স্বপন, মাসুদ ও রোমেলের সঙ্গে মঞ্চে উঠবে আহনাফ। এটাই হবে এলআরবির হয়ে তার প্রথম কনসার্ট। 
ঈদ কনসার্টে সংগীত পরিবেশনের প্রস্তুতি হিসেবে পর পর দুই দিন টানা কয়েক ঘণ্টা এলআরবির সঙ্গে অনুশীলন করেছে আহনাফ।
আইয়ুব বাচ্চু বলেন, ‘আমি চাইব ও এখন শৌখিনভাবে বাজাক। এলআরবির বিশেষ বিশেষ কনসার্টগুলোতে সে বাজাবে। কারণ, আগে রয়েছে পড়াশোনা। আমার প্রথম এবং প্রধান চাওয়া আহনাফ আগে পড়াশোনায় বেশি প্রাধান্য দেবে। পৃথিবীর অন্য দেশগুলোতে শিল্পীদের অধিকার যেভাবে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশে যদি সেই পরিস্থিতি তৈরি হয় তখন সংগীতকে পেশা হিসেবে নিতে চাইলে আমার কোনো আপত্তি নাই।’
ছেলের সংগীত চর্চার ব্যাপারে আইয়ুব বাচ্চু বলেন, ‘প্রথমে আমি চাইনি আমার ছেলে বলেই এলআরবির মতো বড় ব্যান্ডে বাজানোর সুযোগ পেয়ে যাক ও। যত দিন না আমার পাশে দাঁড়িয়ে বাজানোর মতো যোগ্য হয়েছে তাজো, তত দিন আমি অপেক্ষা করতে চেয়েছি। আমার মনে হচ্ছে, তাজো এলআরবির সঙ্গে বাজানোর জন্য এখন প্রস্তুত। গিটারিস্ট হিসেবে অনেক দূর যেতে পারে ও, ঈদ কনসার্টেই দর্শক-শ্রোতারা সেটা বুঝে যাবেন আশা করি।’

আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজোয়ার এখন ও লেভেল পড়ছে। পড়াশোনার পাশাপাশি গিটার চর্চা করে যাচ্ছে। এ ক্ষেত্রে বাবা আইয়ুব বাচ্চু ও এলআরবি ব্যান্ডের আরেক সদস্য মাসুদ তাকে সব ধরনের সহযোগিতা করছে বলে জানান আইয়ুব বাচ্চু।
গত দুই দিনের মতো ২ আগস্টও কনসার্টটি সরাসরি দেখাবে যমুনা টিভি। জানা গেছে, রাত ১০টা ৪০ মিনিটে মঞ্চে আসবে এলআরবি।