এলটন জনকে নিয়ে ছবি বানাবেন ডেভিড

পপসংগীতের আইকন ব্রিটিশ সঙ্গীতশিল্পী এলটন জনকে নিয়ে নির্মাণ করা হচ্ছে একটি (বায়োপিক) চলচ্চিত্র। এলটন জনকে নিয়ে নির্মিতব্য এই চলচ্চিত্র প্রসঙ্গে নির্মাতা ও প্রযোজক ডেভিড ফারনিশ জানিয়েছেন, এটি হবে একটি ‘মিউজিক্যাল ফ্যান্টাসি’। কিংবদন্তি এই সংগীতশিল্পীর জীবন নিয়ে যে ছবিটি বানানো হবে; সেটি হবে এই শিল্পীর জীবনের এক ‘অতিরঞ্জিত’ সংস্করণ, জানিয়েছেন ডেভিড।
ডেভিড জানিয়েছেন, এ চলচ্চিত্রটি এলটন জন ও ডেভিড ফারনিশের অর্থায়নে তৈরি হবে। ডেভিড এ ছবির ব্যাপারে আরও জানান, তিনি আর এলটন জন একসঙ্গে এই ছবির জন্য অর্থ জোগাড় করছেন। ছবি নির্মাণের জন্য অর্থ সংগ্রহের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা যেভাবে ভেবে রেখেছি; ঠিক সেভাবেই এ ছবিটি নির্মাণ করতে চাই।’
ডেভিড আরও জানান, এটি একটি ‘মিউজিক্যাল ফ্যান্টাসি’ নির্ভর আত্মজীবনীমূলক চলচ্চিত্র। এটি অনেক বেশি রঙ মাখানো আর এলটন জনের জমকালো জীবনের আরেকটি সংস্করণ হবে। তাই তাঁরা কাজটি ঠিকঠাকভাবে সম্পন্ন করতে সঠিক অংশীদার ও যথাযথ অর্থায়নের অপেক্ষায় আছেন।
বেশ আগে থেকেই সংগীতশিল্পী স্যার এলটন জনের জীবন নিয়ে একটি চলচ্চিত্র বানানোর কথা চলছে। ২০১৩ সালে অভিনেতা টম ব্র্যাডির সঙ্গে ‘এলটন জন’ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিসাক্ষরও হয়েছিল। এর প্রায় এক বছর পর এ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস। ই! অনলাইন।