এলভেইটির কনসার্ট বাতিল, দর্শকেরা ক্ষুব্ধ

সুইজারল্যান্ডের জনপ্রিয় ফোক মেটাল ব্যান্ড এলভেইটির কনসার্ট বাতিল হয়েছে। আজ বিকেল পাঁচটায় বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে কনসার্ট শুরু হওয়ার কথা ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টায় জানা গেছে, নিরাপত্তার কারণে সেটি বাতিল করা হয়েছে। আয়োজকদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নবরাত্রি মিলনায়তন থেকে অনুষ্ঠানের জন্য আনা ড্রামস ও অন্যান্য বাদ্যযন্ত্র বের করে নিয়ে যেতে দেখা গেছে। কনভেনশন সিটির নিরাপত্তাকর্মীরা ভেতরে প্রবেশ করতে দেয়নি বহু টাকায় টিকেট কিনে কনসার্ট দেখতে আসা দর্শকদের। তাঁদের শুধু জানানো হয়েছে যে অনুষ্ঠান বাতিল। এ নিয়ে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করা হলে সন্ধ্যা ছয়টায় তাঁরা জানান, তাঁরা চেষ্টা করছেন যাতে কনসার্টটি বাতিল না হয়। কিন্তু পুলিশের বিশেষ শাখা নিরাপত্তার কারণে কনসার্ট করার অনুমতি দেয়নি।
কনসার্ট বাতিল হওয়ায় ভীষণ খেপেছেন তরুণ দর্শকেরা। বহু টাকায় কেনা টিকিটের টাকা ফেরত পেতে রীতিমতো মিছিল নিয়ে আয়োজক গ্রিন ইভেন্টের কার্যালয়ের দিকে যাওয়ার প্রস্তুতি নিতে দেখা গেছে অনেককে। অনেকে হতাশ হয়ে কনসার্টের শেষ খবর জানার জন্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে অপেক্ষা করেছেন। টিকিট বিক্রির সময় গ্রিন ইভেন্ট থেকে জানানো হয়েছিল, কোনো কারণে কনসার্ট বাতিল হলে তারা টিকিট বিক্রির টাকা ফেরত দেবে। কিন্তু কনসার্ট বাতিলের পর কোন প্রক্রিয়ায় টাকা ফেরত দেওয়া হবে, তা নিয়ে কিছুই জানানো হয়নি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তানভীর আহমেদ জানিয়েছেন, আগামী ১ জুন আবারও কনসার্টটির আয়োজন করা হবে। এলভেইটির ইভেন্ট থেকে জানা গেছে, দলটি ২৮ মে তাইওয়ানে, ৩ জুন সুইজারল্যান্ড, ৪ জুন রোমানিয়া ও ৫ জুন নেদারল্যান্ডসে কনসার্টে যোগ দেবে। আজ ২৬ মে বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনের এই কনসার্টে গান করার কথা ছিল ঢাকার কয়েকটি জনপ্রিয় দলের।
বাঁশি, ম্যানডোলিন, হার্ডিগার্ডি, বেহালা ও ব্যাগ পাইপের মতো নানা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে ফোক মেটাল ধারার গানের সমন্বয়ে এলভেইটি ইতিমধ্যে বিশ্বের তরুণ সংগীতপ্রেমীদের আকর্ষণে পরিণত হয়েছে।