এলিটার 'নবাব চাটগাঁ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলিটা করিম
এলিটা করিম

শুরুতে সবাই ‘নবাব চাটগাঁ’ দেখে সংগীতশিল্পী এলিটার নতুন কোনো অ্যালবামের নাম ভাবতে পারেন। কিন্তু সংগীতবিষয়ক কিছু নয়, এটি এলিটার নতুন রেস্তোরাঁর নাম।
‘আমাকে খাদ্য রসিক বলতে পারেন। আমি যেমন খেতে পছন্দ করি, তেমনি খাওয়াতেও পছন্দ করি।’ খাবারের ব্যাপারে নিজের আগ্রহের কথা এভাবেই জানালেন সংগীতশিল্পী এলিটা করিম। সম্প্রতি এই সংগীতশিল্পী খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। রেস্তোরাঁটির নাম রেখেছেন ‘নবাব চাটগাঁ’। গতকাল রোববার দুপুরে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই যাত্রা শুরু করেছে এলিটার এই রেস্তোরাঁ।
‘নবাব চাটগাঁ’য় থাকছে চট্টগ্রামের সব ঐতিহ্যবাহী খাবার। এলিটা বললেন, ‘এই যেমন মেজবানি মাংস, গরুর কালা ভুনা, নলা ঝোল আর চানার ডাল। মাছের মধ্যে প্রতিদিনই থাকছে লইট্টা, রুপচাঁদা আর চিংড়ি। থাকছে গরু, খাসি এবং মুরগির বিভিন্ন আইটেম।’ তিনি বলেন, ‘বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার দুপুরে ও রাতে থাকছে খাইস্যা এবং শুঁটকির স্পেশাল মেন্যু।

‘নবাব চাটগাঁ’য় অতিথিদের সঙ্গে এলিটা করিম ও তাঁর স্বামী আশফাক নিপুণ
‘নবাব চাটগাঁ’য় অতিথিদের সঙ্গে এলিটা করিম ও তাঁর স্বামী আশফাক নিপুণ

এলিটা জানিয়েছেন, চট্টগ্রামের আঞ্চলিক খাবারের স্বাদ পুরোপুরি ঠিক রাখার জন্য ‘নবাব চাটগাঁ’য় চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন বশির বাবুর্চি। এই রেস্তোরাঁয় একসঙ্গে ১০০ জন বসে খাওয়ার ব্যবস্থা আছে। এলিটার মতে, খাবারের দাম সবার হাতের নাগালে। যে কেউ এখানে এসে খেতে পারবেন।
রোববার দুপুরে ‘নবাব চাটগাঁ’য় অতিথিদের আপ্যায়ন করেন এলিটা নিজেই। বললেন, ‘আমি তো চট্টগ্রামের মেয়ে। এখানে সবাই চট্টগ্রামের একটা আবহ পাবেন।’
এলিটা আরও জানান, ‘নবাব চাটগাঁ’য় তিনি একা নন, তাঁর সঙ্গে আরও আছেন ফুপা শহিদুল ইসলাম আর চাচা ওয়াসিউদ্দিন ও ইফতেখার হোসেন।
গুলশান ১-এ ১৯ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়িতে ‘নবাব চাটগাঁ’ সবার জন্য খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল চারটা এবং সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত।