এসএ গেমস ও ভূপেন হাজারিকা

জায়গাটার নাম নিজরাপাড়। বাংলায় বলে ঝরনাপাড়। পাশেই পাহাড়ি ঝরনা। পাহাড়ের ঢালেই তিনতলা বাড়ি। গুয়াহাটির চানমারি এলাকায় এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবেন, ‘ওই যে ওটাই ভূপেন হাজারিকার বাড়ি!’ বাড়িতে শিল্পীর কেউ থাকেন না। একমাত্র ছেলে তেজ হাজারিকা যুক্তরাষ্ট্রপ্রবাসী।
মানবতার গান গেয়ে আসাম আর বাংলা ছাড়িয়ে যে শিল্পী হয়ে উঠেছেন সারা পৃথিবীর, সেই ভূপেন হাজারিকার গানকেই বেছে নেওয়া হয়েছে এবারের এসএ গেমসের থিম সং হিসেবে। গুয়াহাটি আর শিলংয়ে সারাক্ষণ বাজছে, ‘এই পৃথিবী এক ক্রীড়াঙ্গন, ক্রীড়া হলো শান্তির প্রাঙ্গণ...।’ বাজছে প্রতিটি ভেন্যুতে। মিডিয়া সেন্টারে। এমনকি এসএ গেমসের ওয়েবসাইটে ঢুকলেই গানটি স্বাগত জানাবে আপনাকে।
পাহাড়ি সিঁড়ি বেয়ে বাড়িতে ঢুকতেই চমকে যেতে হলো। একি ভূপেন হাজারিকা পুনর্জন্ম নিয়ে ফিরে এলেন নাকি! দেখতে অবিকল ভূপেন হাজারিকার মতো, তাঁরই অনুজ সমর হাজারিকা। তিনিও সংগীতশিল্পী। একই সঙ্গে আকাশবাণী ভারত ও গুয়াহাটির তালিকাভুক্ত শিল্পী। ভূপেন হাজারিকার সংগীত পরিচালনায় গান গেয়েছেন অসমিয়া চলচ্চিত্র গজমুক্তা, বসন্ত প্রহর, সিরাজ, প্রতিশোধ-এ।
পাহাড়ি অঞ্চল। চারদিকে চুপচাপ, শান্ত পরিবেশ। কিন্তু সেই নিস্তব্ধতা বাড়িয়ে দিয়েছে ভূপেন হাজারিকার আরেক ভাইয়ের মৃত্যু। ৬ ফেব্রুয়ারি মারা গেছেন ভূপেন হাজারিকার আরেক ছোট ভাই বলেন হাজারিকা। ও হ্যাঁ, বলাই হয়নি—ভূপেন হাজারিকারা ১০ ভাইবোন। সবার বড় ভূপেন। এরপর অমর, প্রবীণ, বোন সুদিনা, ভাই নৃপেন, বলেন, বোন কবিতা বড়ুয়া, স্টুটি প্যাটেল রুবি, জয়ন্ত হাজারিকা ও সবার ছোট সমর।
জয়ন্ত হাজারিকার ছেলে ময়ূখ হাজারিকা এবারের এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিকস স্টেডিয়ামে গান গেয়েছেন। পুরো সংগীতানুষ্ঠানের নির্দেশনায় ছিলেন ময়ূখ। তিনিই গেয়েছেন নতুন কম্পোজিশনে চাচার বিখ্যাত গান, ‘এই পৃথিবী এক ক্রীড়াঙ্গন...।’ হাজারিকা পরিবারের জন্য এটা আনন্দের খবর হলেও দুঃখের সংবাদও ছিল একটা। উদ্বোধনী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশন এই পরিবারের কাউকেই নাকি চিঠি দেয়নি! বাড়িতে বসে সমর হাজারিকা সখেদে বলছিলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান আমি টিভিতে দেখেছি। আমাদের কোনো টিকিট দেওয়া হয়নি। কেন দেওয়া হলো না জানি না। এটা তো ভূপেন হাজারিকার বাড়ি। এখানে সবাই বাড়িটা চেনে। আমাকেও লোকে চেনে। আমন্ত্রণ না পেয়ে খুব খারাপ লেগেছে।’ ময়ূখ দিল্লিতে এনডিটিভিতে চাকরি করেন। তিনি নাকি সেখান থেকে এসেই অনুষ্ঠান করে চলে গেছেন।
বাংলা আর আসামের ভাষাগত মিল অনেক। রাস্তাঘাটে বিলবোর্ডে লেখা শব্দ, বাক্যগুলো সহজেই পড়ে ফেলা যায়। দুই ভাষার উচ্চারণগত মিলও আছে। স্থানীয়দের সঙ্গে যোগাযোগে তাই সমস্যায় হয় না। অসমিয়া ভাষায় ভীষণ জনপ্রিয় ভূপেন হাজারিকার সব বিখ্যাত গান—‘দোলা হে দোলা’, ‘মানুষ মানুষের জন্য’, ‘বিস্তীর্ণ পাহাড়ে...ও গঙ্গা তুমি বইছো কেন’, ‘গঙ্গা আমার মা পদ্মা আমার মা...’। বাংলা ভাষায় গানের এসব কলি গাইতেই সমর হাজারিকা অসমিয়া ভাষায় সুর করে গাইলেন, ‘জয় জয় নবজাত বাংলাদেশ, জয় জয় মিত্রবাহিনী...।’ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই গানটি লিখেছিলেন ভূপেন হাজারিকা।

দাদাকে কেমন দেখেছেন? প্রশ্নটা করতেই স্মৃতির ঝাঁপি খুলে দিলেন, ‘দাদা যখন যুক্তরাষ্ট্রে পড়তে গিয়েছিলেন তখন আমার কিছুই মনে নেই। উনি কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে বউদি প্রিয়াঙ্কা ও ছেলে তেজকে নিয়ে এসেছিলেন। আমার বয়স তখন পাঁচ কি ছয় হবে। দাদা বাড়িতে আসার আগে জানতামই না যে ভূপেনদা আমার ভাই। কখনোই বড় ভাইসুলভ শাসন করতেন না ভূপেন হাজারিকা। কখনো বলতেন না, “কেন স্কুলে যাসনি? ” শুধু বলতেন, “কিরে আজ কি তোর ছুটি? ”’ ম্যাজিস্ট্রেট বাবা নীলকান্ত হাজারিকার অবসরের পর একাই সব ভাইবোনের দায়িত্ব নিয়েছিলেন ভূপেন হাজারিকা।
ডক্টরেট ডিগ্রি নেওয়ার পর গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় চাকরি ছেড়ে চলে যান কলকাতা। সেখান থেকে লড়াই করে শিল্পী হয়ে ওঠা। এরপর মুম্বাইয়ে গিয়ে হলেন সংগীত পরিচালক। গান লিখতেন অনেক আগে থেকেই। লিখতেন গণমানুষের জন্য।
শেষ বয়সে এসে বিজেপিতে যোগ দিয়েছিলেন ভূপেন হাজারিকা। সিদ্ধান্তটা নাকি ছিল ভূপেনের জীবনের মস্ত বড় ভুল, ছোট ভাই সমরের এমনই মনে হয়েছে, ‘আসামবাসী দাদার এ ঘটনায় মর্মাহত হয়েছিল। আমরাও দুঃখ পেয়েছিলাম। উনি পরে ভুল স্বীকার করেছেন। ভূপেনদা স্বতন্ত্র সাংসদ (এমএলএ) ছিলেন। উনি তো গানের সম্রাট, আরেকটা মুকুট তাঁর দরকার ছিল না।’ সমর হাজারিকা যোগ করলেন, ‘যখন নির্বাচনের ফল বের হলো তিনি মুম্বাইয়ে চলে গেলেন। যাওয়ার আগে বলল, খারাপ লাগছে। আমি বলেছিলাম ঠিক আছে, এটা কিছু না। তুমি এটাকে স্পোর্টিংলি নাও। সব ভুলে যাও। এরপর আবারও আসামের লোকেরা তাকে কাছে টেনে নিয়েছে।’
দাদার প্রশংসায় পঞ্চমুখ সমর বললেন, ‘ভূপেনদা সব সময় গণমানুষের কথা ভাবতেন। সব শ্রেণি-পেশার লোকদের নিয়ে যেভাবে গান করেছেন তা অসাধারণ। ভাই হিসেবে বলব না, উনি মহাপুরুষ ছিলেন। আরেকজন ভূপেন আর আসবে না।’
ভাইয়ের মৃত্যুশোক এখনো লেগে আছে বাড়িতে। শ্রাদ্ধানুষ্ঠান ১৬ ফেব্রুয়ারি। সেটারই প্রস্তুতি চলছে। কানাডা থেকে ছুটে এসেছেন ভূপেন হাজারিকার ছোট বোন রুবি। সবাই ব্যস্ত। তারপরও সমর হাজারিকা ঘুরে দেখালেন ভূপেন হাজারিকার বাড়িটি। খাট, পালঙ্ক, টেবিল। সেখানে শিল্পীর নানা ভঙ্গির ছবি টাঙানো। ভূপেন হাজারিকার সব সম্পত্তি, তবলা, হারমোনিয়ামসহ গানের সরঞ্জাম, বই, বিভিন্ন সময়ে পাওয়া পুরস্কার, চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার দাদাসাহেব ফালকে ট্রফিসহ সবকিছু পরিবারটি দান করেছে জাদুঘরে। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের ভূপেন সংগ্রহশালা থেকে যখন বেরোলাম, দূর থেকে ভেসে আসছিল অসমিয়া ভাষায় সেই গানের সুর, ‘ময় এতি যাযাবর...’—বাংলায় যা, ‘আমি এক যাযাবর...।’