এসেছে ব্ল্যাক ব্যান্ডের 'ঊনমানুষ'

ব্ল্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জন কবিরের দলত্যাগের পাঁচ বছর পর প্রকাশিত হয়েছে নতুন অ্যালবাম। নাম ‘ঊনমানুষ’। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে ‘ঊনমানুষ’-এর মোড়ক উন্মোচন করা হয়।
জন কবিরের দলত্যাগের পর ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে যুক্ত হন দুজন নতুন সদস্য—রুবাইয়াত ও চার্লস। নতুন অ্যালবামে এই দুই সদস্য নতুন মাত্রা যোগ করেছেন বলে জানান ব্যান্ডের আরেক সদস্য জাহান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ব্ল্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড্রামার টনি বলেন, ‘নতুন আটটি গান নিয়ে শ্রোতাদের কাছে এসেছি। আমরা উদ্গ্রীব হয়ে আছি—দর্শকদের কাছ থেকে কী পরিমাণ সাড়া পাই। আশা করছি, শ্রোতারা আমাদের নতুন গানগুলো আগের মতোই পছন্দ করবেন।’
জাহান বলেন, ‘আটটি গান থেকে একটির ভিডিও বানানো হয়েছে। আমাদের সঙ্গে ভোকাল হিসেবে রুবাইয়াত আর বেজ গিটারে চার্লসের যোগ দেওয়ার ব্যাপারটি শ্রোতাদের নতুন উন্মাদনা মাতাবে।’
ব্ল্যাক ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম সেলফ টাইটেলে প্রকাশ পায় ২০১১ সালে। এ ছাড়া ‘আমার পৃথিবী’ ২০০১ সালে, ‘উৎসবের পর’ ২০০৩ ও ‘আবার’ ২০০৮ সালে বের হয়।