ঐশীর গান 'প্রেম মাজারে' এবার ভিডিওচিত্রে

এ বছরের ঈদুল আজহার সময়ে প্রকাশিত হয়েছিল ফোক গানের অ্যালবাম ‘খুব খেয়াল কইরা’। এই অ্যালবামটির ‘প্রেম মাজারে’ শিরোনামের গানটি গেয়েছিলেন তরুণ সংগীতশিল্পী ঐশী। ‘প্রেম মাজারে’ গানটির কথা লিখেছিলেন ইশতিয়াক আহমেদ আর সুর করেছিলেন লুৎফর হাসান। এবার এই গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেতে যাচ্ছে। আজ ৪ নভেম্বর থেকে ঈগল মিউজিক-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল দেখা যাবে গানটি।
ফোক ধাঁচের এ গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন তরুণ নির্মাতা দিনার হাসান। গানটির শুটিং হয়েছে গত সপ্তাহে।
‘প্রেম মাজারে’ গানটির মিউজিক ভিডিও প্রসঙ্গে সংগীতশিল্পী ঐশী বলেন, ‘ওই অ্যালবামের আমার গান ছিল দুটি। সেখান থেকে ‘প্রেম মাজারে’ গানটির ভিডিওচিত্র নির্মাণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘অনেকটা স্টুডিও ধাঁচের করেই নির্মাণ করা হয়েছে ভিডিওটি। গানটিতে আমার সঙ্গে মডেল হয়েছেন সুরকার মার্সেল।’
এদিকে, ঈগল মিউজিকের কমিউনিকেশন ম্যানেজার শুভ জানিয়েছেন, শীঘ্রই ঐশীর আরেকটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করবে ঈগল মিউজিক। এ ছাড়া, ঐশীর একটি একক অ্যালবাম তৈরিরও পরিকল্পনা চলছে।