ওদের নিয়ে বই ওদের কণ্ঠে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যন্ত্রসংগীত পরিবেশন করছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা
যন্ত্রসংগীত পরিবেশন করছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা

সাংস্কৃতিক পরিমণ্ডলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু—যে বইটির মোড়ক খোলা হলো সেটির নাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষেই এই আয়োজন। উদ্যোগটি নিয়েছেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি। সঙ্গে ছিল শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যকার মলয় ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ভাগবত টুডু ও আদিবাসী সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাজকুমার শাঁও। অনুষ্ঠানে সভাপতি ছিলেন একাডেমির উপপরিচালক এস এম শামীম আকতার।
প্রধান অতিথি মলয় ভৌমিক বলেন, নানা কারণেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রের কাছ থেকে যা তাদের প্রাপ্য, তা থেকে বঞ্চিত হয়ে আসছে। সমাজও তাদের একই বঞ্চনা দিয়েছে। এটা শুধু নৃগোষ্ঠীর মানুষ হিসেবে নয়, দলিত শ্রেণির মানুষ হওয়ার জন্যই ঘটেছে। তিনি বলেন, এ রকম পরিবারের শিশুরা আজ যে শিক্ষা পাচ্ছে, তা যেন তাদের পরমুখাপেক্ষী না করে। তিনি বলেন, যে গ্রন্থটির মোড়ক উন্মোচিত হলো, তাতে আটটি জাতিসত্তার শিশুদের বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ রয়েছে, যা সঠিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান গবেষক এস এম শামীম আকতার বইটি সম্পর্কে বলতে গিয়ে জানান, বিবর্তনের ধারায় যুগ যুগ ধরে রাজশাহীসহ উত্তরাঞ্চলে বসবাস করছে সাঁওতাল, ওঁরাও, পাহাড়িয়া, কোল, মুন্ডা প্রভৃতি ক্ষুদ্র জাতিসত্তার অসংখ্য মানুষ। এদের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য। বইটিতে তারই প্রতিফলন রয়েছে।
শিশু দিবস উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলেমেয়েদের চিত্রাঙ্কন, রচনা, সংগীত, নৃত্য এবং বাদ্যযন্ত্রসহ বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।