ওম্যাক্সে যোগ দিতে বুধবার ঢাকা ছাড়ছেন চিরকুটের সুমি
পর্তুগালের পোর্তো শহরে ২৭ অক্টোবর শুরু হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো (ওম্যাক্স)। বিশ্বের অন্যতম বড় এই সংগীত সম্মেলন বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন শারমীন সুলতানা সুমি। বুধবার ভোরে দেশ ছাড়ছেন চিরকুট ব্যান্ডের এই ভোকাল, গীতিকার ও সুরকার।
সুমি বলেন, ‘২০১৬ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সাউথ বাই সাউথ ওয়েস্ট ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল চিরকুট। উৎসবের পরিচালক টড পাকহাবের আমাদের পরিবেশনা দেখেছিলেন। তিনি আবার ওম্যাক্সেরও জুরি সদস্য। সেই সূত্রেই আমাকে এবার ওম্যাক্সে আমন্ত্রণ জানিয়েছেন টড।’
ওম্যাক্সে এবারের সম্মেলনে যোগ দেবেন ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ সংগীতের সঙ্গে যুক্ত আড়াই হাজারের বেশি লোক। আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিকসহ সব ধরনের মিউজিকের অন্যতম বড় বাজার এই ওম্যাক্স। সুমি বলেন, ‘এই বাজারে বাংলাদেশের মিউজিক নিয়ে নানা রকম কাজ করার সুযোগ আছে। আমাদের দেশের কোনো ব্যান্ড বা শিল্পীর সঙ্গে বিদেশি কোনো ব্যান্ডের সংযোগ করিয়ে দেওয়া যায় কি না, সেই চেষ্টা করব। এখানে সবাই নিজেদের সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে কথা বলে, নেটওয়ার্কিং হয়। একে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় মিউজিক মিটিং। ৯০টি দেশ থেকে সংগীতবিষয়ক নীতিনির্ধারকেরা আসেন। সৃজনশীল নানা বিষয় নিয়ে আলোচনা হয়, নির্ধারণ হয় কৌশল। আমি যেহেতু নানা রকম ক্রিয়েটিভ কাজ করি, আমার জন্য এই সম্মেলন একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। ব্যান্ড সদস্যদের খুব মিস করব। তবে আশা রাখি, আগামী বছর এই সম্মেলনে গান করবে চিরকুট।’
সুমি বলেন, ‘আমি ক্লাইমেট চেঞ্জ, শিশু অধিকার নিয়ে কাজ করতে চাই, যে কাজগুলো মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে। যখনই যে ফোরামে সুযোগ পেয়েছি, দেশের ব্যান্ডের কথা বলেছি, ভবিষ্যতেও বলব।’
শুরুতে অবশ্য সুইজারল্যান্ড যাবেন সুমি। ২৬ অক্টোবর পৌঁছাবেন পর্তুগাল। তিনি বলেন, পর্তুগালের বাঙালিরা তাঁকে সংবর্ধনা জানাবেন। পর্তুগালে এ সম্মেলন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ৭ নভেম্বর দেশে ফিরবেন সুমি।