ওলা হাভানা!

জাম্পিন’ জ্যাক ফ্লাশ। ঐতিহাসিক কনসার্টটি শুরু করার জন্য এর চেয়ে ভালো গান আর হতেই পারত না। ১৯৬৮ সালে গানটির রেকর্ড যখন প্রথম বের হয়, তখন কিউবায় রোলিং স্টোনসের গান শোনা রীতিমতো অপরাধ। এই গান শুনলে ‘আদর্শ বিচ্যুত’ হওয়ার অপরাধে মিলত কঠিন শাস্তি। কিন্তু তাতে কি আর দমিয়ে রাখা যায়? গোপনে হাত থেকে হাতে পাচার হয়ে যেত নকল গ্রামোফোনের রেকর্ড। রাজনীতির কাঁটাতারের সাধ্য কি সংগীতকে আটকে রাখে!
পরশু হাভানায় অনুষ্ঠিত কনসার্টের শুরুতেই মিক জ্যাগার করলেন এই গান। এই কনসার্ট দেখতে হাজির হয়েছিলেন পাঁচ লাখ লোক! জ্যাগার পুরোটা সময় কনসার্টে কথা বলেছেন স্প্যানিশ ভাষায়। ‘ওলা হাভানা’ দিয়ে প্রথমে স্বাগত জানিয়েছেন। এরপর বলেন, ‘আমরা জানি, অনেক বছর আগে আমাদের গান কিউবায় শোনা ছিল কঠিন কিছু। কিন্তু আজ আমরা একেবারে আপনাদের সামনে হাজির গান শোনাতে। কারণ, সময় বদলাচ্ছে।’
সময় আসলেই বদলাচ্ছে। পৃথিবীর সবচেয়ে ধনতান্ত্রিক রাষ্ট্রের পেটের মাঝখানে সমাজতান্ত্রিক রাষ্ট্রের বিস্ময় কিউবা আরও অনেক বিস্ময়ের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এত দীর্ঘকাল কোনো সম্পর্ক না রেখেই টিকে থাকার মধ্য দিয়ে। অবশেষে দুই দেশের মধ্যে জমাট বাঁধা বরফ গলতে শুরু করেছে। ১৯২৮ সালের পর এই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট গেলেন কিউবা সফরে, এরও ১৫ বছর পর জন্ম মিক জ্যাগারের।
পরিবর্তিত সময়ের সাক্ষী হয়ে থাকল কিউবায় রক এন রোলের পুরোধা রোলিং স্টোনসের কনসার্ট। ১৯৬২ সালে লন্ডনে জ্যাগার-কিথ রিচার্ডসদের হাত ধরে এই ব্যান্ডের প্রতিষ্ঠা, ঠিক সেই সময়ে যখন ফিদেল কাস্ত্রোরা নতুন বিপ্লবের যাত্রা শুরু করেন কিউবায়। ওদিকে রক গানের মন্ত্রণায় সারা পৃথিবীর তরুণ প্রজন্মকে সুরের বিপ্লবে উন্মাতাল করছিল স্টোনসরা। যদিও সেই গান নিষিদ্ধ ঘোষণা করা হয় কিউবায়।
পরশুর কনসার্টে এসেছিলেন ৬০-৭০ বছর বয়সী বুড়োরাও। ছিলেন এ সময়ের তরুণ। দুই ঘণ্টারও বেশি সময় ধরে একে একে ১৮টি গান গেয়ে শোনায় রোলিং স্টোনস। আধা শতাব্দীরও বেশি সময় ধরে স্টোনসরা এখনো টিকে আছে। এমনকি কিউবার সমাজতন্ত্রও! রয়টার্স।