ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে ইমনের উচ্চতর ডিগ্রি

ভারতের চেন্নাইয়ের কে এম কলেজ অব মিউজিক অ্যান্ড টেকনোলজি থেকে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের ওপর দুই বছরের উচ্চতর ডিগ্রি সম্পন্ন করলেন সংগীত পরিচালক ইমন সাহা। এর আগেও একই কলেজ থেকে সংগীতের ওপর দুই বছরের আরও একটি ডিগ্রি সম্পন্ন করেন তিনি।
যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত এই কলেজটির প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান।
ইমন সাহা জানান, দুই বছরের এই কোর্সটিতে ১৫টি বিষয় সম্পৃক্ত ছিল। এ মধ্যে রয়েছে পিয়ানো পারফরমেন্স, কম্পোজিশন, অডিও টেকনোলজি, হিন্দুস্তানি থিওরি, ভোকাল পারফরমেন্সসহ আরও কিছু।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীত পরিচালক আরও জানান, এর পর তিনি যুক্তরাষ্ট্রের বার্কলে কলেজ অব মিউজিক থেকে ফিল্ম ব্যাকগ্রাউন্ডের ওপর একটি উচ্চতর ডিগ্রি সম্পন্ন করতে সেখানে যাবেন। তার কাজ দিয়ে ভবিষ্যতে বাংলা চলচ্চিত্রকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবেন বলেও আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, প্রয়াত সংগীত পরিচালক সত্য সাহার ছেলে ইমন সাহা গত ২০ বছর ধরে বাংলা চলচ্চিত্রে সংগীত পরিচালনা করছেন। তার সুর করা অসংখ্য গান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, খায়রুন লো, আসবার কালে আসলাম একা, বান্ধিলাম পিরিতের ঘর, অন্তর দিলাম বিছাইয়া, কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে প্রভৃতি গান।