কথা রাখতে পারলেন না ন্যান্সি

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রথম আলোর সঙ্গে আলাপে ন্যান্সি জোর গলায় বলেছিলেন, যে করেই হোক ভালোবাসা দিবসে নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন। কিন্তু তা হলো না। কথা রাখতে পারলেন না এ সময়ের জনপ্রিয় গায়িকা ন্যান্সি। আর নতুন গান শোনা থেকে বঞ্চিত হলেন শ্রোতারা।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপে ন্যান্সি বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমি ভয়াবহরকমের ব্যস্ত। প্রতিদিনই স্টেজ শো করছি। নিশ্বাস ফেলার পর্যন্ত সময় নেই। কিন্তু এর ফাঁকে অ্যালবামের বাকি দুটি গানের কাজ শেষ করে ফেলতে পারব বলে মনে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে উঠল না। আমার অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়া হলো না।’
কবে নাগাদ নতুন অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দিতে পারবেন বলে মনে হচ্ছে? এমন প্রশ্নে ন্যান্সি বলেন, ‘আমার একটানা শো চলছে। মার্চ মাস পর্যন্ত এভাবেই চলবে। তবে স্টেজ শো থেকে একদিনের অবসর পেলেও গান দুটি কাজ শেষ করে ফেলব। গানের ভিডিওর কাজও করব।’
নতুন অ্যালবামে যেসব গান পেয়েছেন তা নিয়ে বেশ উচ্ছ্বসিত ন্যান্সি। বললেন, ‘আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, নতুন অ্যালবামের তিন-চারটি গান নিশ্চিতভাবে শ্রোতাদের মুখে মুখে থাকবে। নিজের অ্যালবাম বলে বলছি না। শ্রোতা হিসেবে গানগুলো আমার বেশ মনে ধরেছে।’
নাম চূড়ান্ত না হওয়া এই অ্যালবামে গান থাকবে আটটি। সবকটি গানের কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর ও সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ, নাজির মাহমুদ, মুশফিক লিটু ও শফিক তুহিন।