কথা রাখলেন বিবার

কথা রাখলেন জাস্টিন বিবার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরলান্ডোতে সন্ত্রাসী হামলার পর পূর্বনির্ধারিত কনসার্ট হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু সব অনিশ্চয়তা দূর করে দিলেন শিল্পী নিজেই। কনসার্ট বন্ধ করেননি তিনি, বরং কনসার্ট শুরুর আগে কিছুক্ষণ নীরবতা পালন করে নিহত ব্যক্তিদের প্রতি সম্মান জানালেন।
গত রাতে ফ্লোরিডার অ্যামওয়ে সেন্টারে বিবারের কনসার্টটি অনুষ্ঠিত হয়। গান পরিবেশনের আগে ওরলান্ডোতে মারা যাওয়া মানুষের জন্য কিছুক্ষণ নীরবতা পালন করেন সবাই।
কনসার্টে বিবারের ‘পারপাস’ গানটি গাওয়ার সময় প্রোজেক্টরে দেখানো হয় নিহত ৪৯ জনের নাম। পাশাপাশি গায়িকা ক্রিসটিনা গ্রিমির নামও দেখানো হয়। গ্রিমি অরলান্ডো হামলার আগের দিন এক ভক্তের বন্দুকের গুলিতে মারা যান। একসময় বিবার প্রজেক্টরে দেখানো নাম ধরে ধরে গাইতে শুরু করেন। একটি আবেগপ্রবণ মুহূর্ত তৈরি হয়। অনেক ভক্ত তাঁদের মুঠোফোনে মুহূর্তটিকে ভিডিও করেন এবং টুইটারে ছেড়ে দেন।
সম্প্রতি রায়ান মারফি নির্মিত ‘হিউম্যান রাইটস ক্যাম্পেইন’ ভিডিওতে অনেক তারকা অংশ নেন। তারকাদের মধ্যে লেডি গাগা, কেরি ওয়াশিংটন, ডেমি লাভাটো ও লাভার্ন ককসও আছেন। ভিডিওটি বানানো হয় অরলান্ডো হামলায় মৃত ব্যক্তিদের সম্মান জানাতে। ভিডিওটিতে ৪৯ জন তারকা হামলার শিকার প্রত্যেক ব্যক্তির জীবনযাপনের গল্পগুলো তুলে ধরেন। ই নিউজ অবলম্বনে শরীফ নাসরুল্লাহ।