কনসার্ট থেকেই আমরা গান করার প্রেরণা পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রন্টি দাস
সংগৃহীত
‘ক্লোজআপ ওয়ান’খ্যাত রন্টি দাসের নতুন গান মুক্তি পেয়েছে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান রাশ মিউজিক প্রোডাকশনের ইউটিউব চ্যানেল থেকে। মুজিব বর্ষ উপলক্ষে ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া এই গানের শিরোনাম ‘মুজিব বাংলাদেশ’। তিনি নিজেই লিখেছেন গানটি। এই গান, করোনাকালীন জীবন ও বর্তমান ব্যস্ততা নিয়ে কথা হলো রন্টি দাসের সঙ্গে।

প্রশ্ন :

কবে করেছেন এ নতুন গান?

গানটা আমি লিখেছিলাম অনেক আগে। ২০১২ সালের দিকে। মুজিব বর্ষ উপলক্ষে আমার জীবনসঙ্গী সাঈদ রহমান সুর করেছে। সংগীতায়োজন করেছে সুমন কল্যাণ। আমার গাওয়া। ১৬ ডিসেম্বর উপলক্ষে গানটি মুক্তি দিয়েছি। ভালো সাড়াও পাচ্ছি।

রন্টি দাস
সংগৃহীত

প্রশ্ন :

করোনাকালে গান কেমন হলো?

আমার বাড়িতেই তো স্টুডিও আছে। আমি আর আমার স্বামী মিলে এর মধ্যেই ১৫–২০টি নতুন গান করেছি। স্বাভাবিক সময়ে হয়তোবা এত গান গাওয়া হতো না। এই গানগুলোর বেশির ভাগই করোনা নিয়ে, সচেতনতামূলক। সবাই করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরাও গানের ভেতর দিয়ে সেই যুদ্ধ চালিয়ে গেছি। আমি, নিশিতা বড়ুয়া, কিশোর দাস আর মিরাক্কেলের আরমান ভাই মিলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা গান গেয়েছি। তা ছাড়া লাইভ অনুষ্ঠান, টিভিতে গানের প্রোগাম, দেশে ও দেশের বাইরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনলাইনে গানের প্রোগ্রামে অংশ নিয়েছি।

রন্টি দাস।
সংগৃহীত

প্রশ্ন :

স্টেজ শোর কী অবস্থা?

লকডাউনে তো একদমই হয়নি। সম্প্রতি কুমিল্লায় আর ঢাকায় দুটো কনসার্ট করেছি। একটাতে দর্শক ছিল ৫০ জন। আরেকটাতে ছিল এক শর একটু বেশি। অথচ কনসার্টই আমাদের মূল পেশা। কেবল টাকার জন্য নয়, কনসার্ট থেকেই আমরা গান করার প্রেরণা পাই। লাইভ কনসার্টের উন্মাদনা শিল্পী হিসেবে আমাদের এগিয়ে নিয়ে যায়। কনসার্ট ছাড়া তাই আমাদের মতো শিল্পীদের বেঁচে থাকা কঠিন। আমরা কেবল অপেক্ষা করছি, কবে সুদিন আসবে আর কবে আমরা নিয়মিত কনসার্ট শুরু করব।

রন্টি দাসের নতুন গান মুক্তি পেয়েছে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান রাশ মিউজিক প্রোডাকশনের ইউটিউব চ্যানেল থেকে

প্রশ্ন :

আপনার বড় বোন বিউটি দাস এখন কোথায়, কী করছেন?

ও তো যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়ে গেছে। ওখানে একটা আইটি ফার্মে চাকরি করছে। আগে নিজে খেয়েপরে বাঁচতে হবে। তারপর তো গান। তা–ই করছে। মাঝেমধ্যে গানও করে।

রন্টি দাস
সংগৃহীত

প্রশ্ন :

আপনি নাকি ছোটবেলায় ব্যাডমিন্টন প্লেয়ার অথবা বাবুর্চি হতে চেয়েছিলেন?

হ্যাঁ। ব্যাডমিন্টন আমার খুব পছন্দের। এখন তো খেলার সময়ই পাই না। তবে এ বছর তো সেভাবে ব্যস্ততা নেই। এই মৌসুমেই মূলত দেশে, বিদেশে কনসার্ট হতো। এ বছরের শীত তাই ব্যাডমিন্টন খেলে পার করব। আর আমি এখনো রান্না করতে ভালোবাসি। আমার মেয়ে স্ন্যাকস–জাতীয় খাবার পছন্দ করে। আর সাঈদ ঢাকার ছেলে, ওর পছন্দ বিরিয়ানি। তা ছাড়া শীত এসেছে। হাঁসের মাংস, দুধ চিতই, নানান পদের ভর্তার আয়োজন শুরু হয়ে গেছে। কেক, ব্রেড, মাফিন থেকে শুরু করে ওই সব আমি করি।

মুজিব বর্ষ উপলক্ষে রন্টি দাসের জীবনসঙ্গী সাঈদ রহমান ‘মুজিব বাংলাদেশ’ গানের সুর করেছে
সংগৃহীত

প্রশ্ন :

আপনার সংগ্রহে তো অনেক শিল্পীর অটোগ্রাফ আছে, তাই না?

হ্যাঁ। দেশের রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন থেকে শুরু করে কমবেশি সবারই আছে। দেশের বাইরে বাপ্পী লাহিড়ী, জুনুন...। একবার তো জুনুনের (পাকিস্তানি রক ব্যান্ড) সদস্যদের অটোগ্রাফ নেওয়ার জন্য দুই ঘণ্টার বেশি সময় ধরে ব্যাক স্টেজে দাঁড়িয়ে ছিলাম। একটা পরিচিত ভাইয়া ছিলেন ওই কনসার্টের ভলান্টিয়ার। তাঁর মাধ্যমে অটোগ্রাফ নিতে পেরেছিলাম।

প্রশ্ন :

ক্লাস সেভেনে থাকতে আপনি নাকি অঙ্কে তিন পেয়েছিলেন?

হ্যাঁ। আমি অঙ্কে খুবই কাঁচা। এখনো অঙ্কের কথা মনে হলে ভয় লাগে।

রন্টি দাস
সংগৃহীত