কনসার্টের আগে বিবার যা করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার
জাস্টিন বিবার
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে দেখা করলেন বিবার
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে দেখা করলেন বিবার

কিছুক্ষণের মধ্যে মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের মঞ্চ মাতাবেন বিবার। ভারতীয় সময় রাত আটটায় মঞ্চে ওঠার কথা রয়েছে তাঁর। থাকবেন রাত ১০টা পর্যন্ত। মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ে পা রাখেন জনপ্রিয় এই পপ তারকা। ভারতে এবারই প্রথম এলেন বিবার। কানাডীয় এই গায়কের ভারত সফর ঘিরে বিবার-ভক্তদের মাঝে ছড়িয়েছে অদ্ভুত উন্মাদনা। ভারতজুড়ে ভক্তদের এই উন্মাদনা বিবারও বেশ উপভোগ করছেন। কনসার্ট শুরুর আগে ফুরফুরে মেজাজে মুম্বাইয়ের পথে ঘুরে বেড়াতে দেখা গেছে তাঁকে। সুবিধাবঞ্চিত শিশুদের একটি বাসে উঠে আনন্দঘন কিছু মুহূর্ত পার করেছেন বিবার।

জাস্টিন বিবারকে একঝলক দেখার আশায় রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন অসংখ্য ভক্ত
জাস্টিন বিবারকে একঝলক দেখার আশায় রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন অসংখ্য ভক্ত


কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে বিবারকে। তাঁর সঙ্গে সব সময় দেহরক্ষী ও সাদাপোশাকের পুলিশ থাকবে বলেও জানা গেছে। শোনা যাচ্ছে, তাঁকে হেলিকপ্টারে করে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। কিন্তু বিবারের অন্ধ ভক্তরা প্রিয় তারকাকে কাছ থেকে একঝলক দেখার একটি সুযোগও হাতছাড়া করতে চাইছেন না। ভক্তদের অবশ্য নিরাশ করেননি বিবার। হোটেল থেকে বের হওয়ার পর বিবার দেখতে পান রাস্তার ধারে তাঁর ভক্তরা দাঁড়িয়ে আছেন। কোনোভাবে যদি তাঁর মুখখানি একটু দেখা যায় সেই আশায়। পথে ভক্তদের দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ করেই গাড়ির কাচ নামিয়ে দেন এই মেগাস্টার। ভক্তদের উদ্দেশে হাত নাড়েন তিনি। আর ভক্তরা আনন্দে চিৎকার করতে থাকেন। ভক্তদের কাণ্ড দেখে বিবারের মুখের হাসিই জানান দিচ্ছে তাঁর সন্তুষ্টির কথা।

মুম্বাইয়ের ভক্তদের দেখা দিলেন বিবার
মুম্বাইয়ের ভক্তদের দেখা দিলেন বিবার

এখন এই ‘পারপাস ট্যুরে’ বিবার তাঁর শ্রোতাদের কতটা সন্তুষ্ট করতে পারেন, সেটাই দেখার পালা। কনসার্টের দুয়ার দুপুরেই খুলে দেওয়া হয়েছে। ভারতীয় শিল্পীরা এখন মঞ্চে পরিবেশন করছেন। আর রাতের মূল চমকের জন্য প্রহর গুনছেন প্রায় ৪৫ হাজার ভক্ত। সূত্র: এনডিটিভি, মুম্বাই মিরর।