কনসার্টের খবরে খুশি হয়েছেন লাকী আখান্দ্

তাঁকে সুস্থ করে তুলতে কনসার্টের আয়োজন করা হয়েছে জেনে খুশি হয়েছেন শিল্পী লাকী আখান্দ্। স্বজনদের কাছে পত্রিকায় প্রকাশিত ‘ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ্’ কনসার্টের খবর জেনেছেন তিনি। গতকাল রোববার বিকেলে শিল্পীকে দেখতে হাসপাতালে যান কনসার্টের আয়োজকেরা। সে সময় এই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কিংবদন্তি এই শিল্পী।
লাকী আখান্দ্ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত। বিকেল সাড়ে পাঁচটায় তাঁকে দেখতে যায় ‘ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ্’ কনসার্টের আয়োজকদের একটি দল। দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির সভাপতি লালন মাহমুদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারাবি ও কনসার্টের সমন্বয়ক আবদুল্লাহ আল ইমরান। হাসপাতালের ছয়তলায় তাঁর কেবিনে প্রবেশ করলে শিল্পী তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আমি গর্বিত। দেশের যেকোনো দুঃসময়ে তাঁরা সোচ্চার হন। কনসার্টের খবর জেনে আমি খুবই খুশি হয়েছি।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেওয়া এক ভিডিও বার্তায় লাকী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সংগীত ও সংস্কৃতি জন্য ভালো যা কিছু করা সম্ভব তিনি করবেন। বেঁচে ফিরলে ক্যাম্পাসের ব্যান্ড দলগুলোকে নিয়ে কর্মশালা করানোর ইচ্ছে আছে তাঁর। কনসার্টের আয়োজকদের একজন গিটার বাজিয়ে লাকী আখান্দ্কে তাঁরই তিনটি গান ‘যেখানে সীমান্ত তোমার’, ‘ওই নীল মনিহার’ ও ‘চল না ঘুরে আসি’ গেয়ে শোনান।
লাকী আখান্দ্-এর চিকিৎসক ও ইউনাইটেড হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান শান্তনু চৌধুরী জানিয়েছেন, নিরবচ্ছিন্ন চিকিৎসা ও কেমোথেরাপি নিলে শিল্পী সুস্থ হয়ে উঠবেন।