কনসার্টের ফাঁকে বিয়ের ঘোষণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গায়েহলুদের মঞ্চে ইমন ও নীপা
গায়েহলুদের মঞ্চে ইমন ও নীপা

‘আমাদের চিরকুট ব্যান্ডের সদস্য ইমনের বিয়ে। সিদ্ধান্ত হয়েছে একদম হঠাৎ করেই। কিছুক্ষণ আগে হল বুক করেছি। গায়েহলুদ হবে। ঘরোয়াভাবে আয়োজন করছি। অনেককে জানানোর জন্য তেমন সময় হাতে নেই।’ মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে মুঠোফোনে জানিয়েছেন গানের দল চিরকুটের অন্যতম সদস্য সুমি।
ইমনের গায়েহলুদ অনুষ্ঠান হয়েছে গতকাল বুধবার রাতে, গুলশানের ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে। পাত্রী ফারজানা ইয়াসমীন নীপা। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) বিবিএ করছেন। আর ইমন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।
গায়েহলুদের মঞ্চে ছিলেন ইমন-নীপা। তাঁদের ঘিরে ছবি তুলেছেন সবাই। এর ফাঁকে ইমন বললেন, ‘নীপা আমার মামাতো বোন। আমাদের মধ্যে আট বছরের যোগাযোগ। মঙ্গলবার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কনসার্ট করছি। হঠাৎ বাসা থেকে ফোন আসে। আমাকে জানানো হয়, কাল (বুধবার) গায়েহলুদ পরশু (বৃহস্পতিবার) বিয়ে। কনসার্টের মাঝে এমন খবর শোনার পর কাজে আর মনোযোগ থাকে? রাতে বাসায় ফেরার পর বিস্তারিত জেনেছি।’
এ প্রসঙ্গে চিরকুট ব্যান্ডের সুমি বলেন, ‘বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে দেড় বছর পর। দুজনের পড়াশোনার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

ইমন গানের ছেলে। সেই ইমনের গায়ের হলুদ, সেখানে গান হবে না, তাই কি হয়! গায়েহলুদের মঞ্চে ছিল রীতিমতো এক কনসার্টের আয়োজন। ইমনকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন ফেরদৌস ওয়াহিদ, প্রিন্স মাহমুদ, তুহিন (শিরোনামহীন), হাবিব, ফুয়াদ আল মুক্তাদির, কৌশিক হোসেন তাপস, আলিফ আলাউদ্দিন, মাহাদী, জয় শাহরিয়ার, বেলাল খানসহ আরও অনেকে। চিরকুটসহ শুভেচ্ছা জানাতে আসা শিল্পীরা গান করেছেন রাত তিনটা পর্যন্ত।

আজ ইমন আর নীপার বিয়ে। রাজধানীর মিরপুরে পারিবারিকভাবেই আয়োজন করা হয়েছে বিয়ের অনুষ্ঠান। নতুন জীবন শুরু করার আগে ইমন আর নীপা সবার কাছে দোয়া চেয়েছেন।