কনা-কিশোরের কণ্ঠে রবীন্দ্রসংগীত

কনা ও ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী কিশোর দুজনই আধুনিক গানের শিল্পী। এবার তাঁরা দুজন প্রথমবারের মতো রবীন্দ্রসংগীত গাইলেন। সম্প্রতি ‘পুরোনো সেই দিনের কথা’ গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে মগবাজারের কম্পোজ স্ট্যান্ড স্টুডিওতে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতায়োজনও করেছেন কিশোর। ঈদের বিশেষ নাটক ‘প্রেম ও খুন’-এ গানটি ব্যবহূত হবে।
এ প্রসঙ্গে কিশোর বলেন, ‘কাজটি অনেক সংবেদনশীল। কারণ, কবিগুরুর গান। গানের কথা-সুর অক্ষুণ্ন রেখে গল্পের প্রয়োজনে ভিন্ন আবহের সংগীতায়োজন করার চেষ্টা করেছি। রবীন্দ্রসংগীত আমি কতটা গাইতে পেরেছি তা বলতে পারব না। তবে আশা করছি, গানটা শুনলে শ্রোতাদের ভালো লাগবে।’
কনা বলেন, ‘রবীন্দ্রসংগীতের সব গান ছাপিয়ে এই গানটিকেই কেন জানি আমার সবচেয়ে আলাদা মনে হয়। সব সময়। তাই গানটি গাইতে পেরে খুব ভালো লেগেছে। আশা করছি, গায়কি, সংগীতায়োজন, নাটকে গানটির দৃশ্যায়ন—সবকিছু মিলিয়ে অসাধারণ কিছু একটা হবে।’
কনা ও কিশোর দুজনই প্রথমবারের মতো নাটকের জন্য রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিলেন। ‘প্রেম ও খুন’ নাটকের প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মিলন, তিশা ও নিরব। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।