কনা গাইলেন 'পরদেশী মেঘ'

বছর পাঁচেক পর আবারও নজরুলসংগীতে কণ্ঠ দিলেন কনা। ‘পরদেশী মেঘ’ শিরোনামের এই গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ। এরই মধ্যে গানটি মুক্তি পেয়েছে রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপে।
২০১১ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘প্রিয় যাই যাই বলো না’ গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছিলেন কনা। গানটি তাঁর একক অ্যালবামে রাখা হয়েছিল। রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপে আজ রোববার কনার গাওয়া নজরুলসংগীতটি প্রকাশিত হয়েছে। আগের দিন শনিবার এতে কণ্ঠ দেন কনা।
কনা বলেন, ‘আমি রবি ইয়ন্ডার মিউজিকের সঙ্গে চুক্তিবদ্ধ। নজরুলপ্রয়াণ দিবসে প্রতিষ্ঠানটি আমার গাওয়া একটি নজরুলসংগীত চায়। এরপর তাড়াহুড়ো করে গানটি তৈরি করি। নজরুলসংগীত আমার এমনিতে খুব প্রিয়। অনেক বছর ধরে আমি নজরুলসংগীতে তালিমও নিয়েছি। তাই সময়টা অল্প হলেও সাহসটা করলাম। নজরুলের বিরহ পর্যায়ের এই গানটি শ্রোতাদের মোটেও খারাপ লাগবে না।’
আধুনিক গানের শিল্পী কনার গাওয়া এটি দ্বিতীয় নজরুলসংগীত। মাঝে একটি অ্যানিমেটেড চলচ্চিত্রের জন্য রবীন্দ্রসংগীতও গেয়েছিলেন কনা। ‘ডিটেক্টিভ’ নামের ওই ছবিতে কনার গাওয়া গানটির সুর-সংগীত পরিচালনা করেন ইমন সাহা।