কবির সুমনের ফেসবুক প্রায় ২৪ ঘণ্টা ব্লক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবির সুমনের ফেসবুক প্রোফাইল।
কবির সুমনের ফেসবুক প্রোফাইল।

প্রায় এক দিনের জন্য ব্লক ছিল সংগীতশিল্পী কবির সুমনের ফেসবুক প্রোফাইল। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ছাত্র আন্দোলনের পক্ষে গান লিখে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে পোস্ট করেছিলেন এই শিল্পী। এরপরই ব্লক করে দেওয়া হয় তাঁর প্রোফাইল। চালু করার পর ওই গানটিসহ তাঁর প্রোফাইলের সাম্প্রতিক কিছু পোস্ট মুছে ফেলা হয়।

ভারতের ‘দৈনিক আনন্দবাজার’ পত্রিকার খবরে জানানো হয়, কবির সুমনের ভক্ত ও ঘনিষ্ঠজনেরা অভিযোগ করেছেন, জেএনইউর ছাত্র আন্দোলন আর আফজল গুরুর পক্ষে প্রশ্ন তোলায় কেন্দ্রীয় সরকারই শিল্পীর ফেসবুক প্রোফাইল ব্লক করে দিয়েছিল।

কবির সুমনের কলমে-কণ্ঠে-সুরে প্রতিবাদ নতুন নয়। বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন তিনি। এ জন্য তাঁকে শাসকের রোষানলও সহ্য করতে হয়েছে।

সুমনের ফেসবুক প্রোফাইল ব্লকের খবরের পরই বিভিন্ন মহলে কঠোর সমালোচনা শুরু হয়। সুমনের অনুরাগীরা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সমালোচনা ও প্রতিবাদের ঝড় তোলে। আফজল গুরুকে সমর্থন করে গান লেখায় তাঁর প্রোফাইল ব্লক করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ২৪ ঘণ্টার মধ্যে অবশ্য সেই ব্লকেড উঠে যায়। কিন্তু সুমনের প্রোফাইলে (https://www.facebook.com/kabirsuman/?fref=ts) গিয়ে সেই গান ও পোস্টটি আর দেখা যায়নি।

কবির সুমনের ফেসবুক প্রোফাইল।
কবির সুমনের ফেসবুক প্রোফাইল।

সুমনের পোস্ট করা গানটির কয়েক লাইন তুলে ধরা হলো:

‘যেখানেই থাকো তুমি শ্রীনগরে দেখা হবে ইতিহাস তুমি বলো স্বাধীনতা দেবে কবে।
ঝিলমের স্রোতে ভাসে রাতের কবিতা একা আঁধারের কবি জানে শ্রীনগরে হবে দেখা হবে।
ইনস্যাস থেকে গুলি আকাশে বুলেট ক্ষত তারারা গুলির দাগ প্রদীপ জ্বলবে যত।
কার ঘরে নিভে গেছে প্রদীপের শিখা কবে আফজল গুরু শোনো শ্রীনগরে হবে দেখা।
ফাঁসিতে বুলেটে বুটে ইতিহাস ফ্যালে পিষে সেই ইতিহাসই বাঁচে একা দোয়েলের শিসে।
কাশ্মীরে স্বাধীনতা ডাকছে দোয়েল একা গানের কসম জান শ্রীনগরে হবে দেখা।’