কমল দাশগুপ্তকে জন্ম দিবসে স্মরণ

ছেলে শাফিন আহমেদ গিটার বাজিয়ে গেয়ে শোনালেন বাবা কমল দাশগুপ্তর গান ‘কণ্ঠে আমার নিশি দিন’। সেই সঙ্গে বাবাকে নিয়ে শোনালেন অনেক না-বলা গল্প। সুরকার কমল দাশগুপ্তর জন্মবার্ষিকী উপলক্ষে তৈরি অনুষ্ঠান ‘এই কি গো শেষ গান’ এমনই অনেক গান ও স্মৃতিকথা দিয়ে সাজানো হয়েছে। আজ কমল দাশগুপ্তর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে রাত ১০টার ইংরেজি সংবাদের পর অনুষ্ঠানটি দেখানো হবে।
‘এই কি গো শেষ গান’ অনুষ্ঠানটি তৈরি হয়েছে কমল দাশগুপ্তর আধুনিক গানগুলো নিয়ে। শাফিন আহমেদ এ নিয়ে বলেন, ‘নজরুলের জন্য করা গানগুলো নিয়ে বিস্তর আলোচনা দরকার। এটা এক পর্বে করা সম্ভব নয়। তাই এ অনুষ্ঠানে শুধু বাবার আধুনিক গানগুলোই থাকছে। সেই সঙ্গে থাকছে তাঁকে নিয়ে আলোচনা ও স্মৃতিচারণা।’ আলোচনা পর্বে অতিথি থাকবেন মোবারক হোসেন খান। আর শাফিন আহমেদের পাশাপাশি অনুষ্ঠানে আরও গান করবেন সুজিত মুস্তাফা, ছন্দা চক্রবর্তী, করিম হাসান খান ও সঞ্জয় রায়। অনুষ্ঠানটির গবেষণা ও উপস্থাপনা করেছেন রুবায়েত রাকিব। এর পরিকল্পনা ও প্রযোজনা সৈয়দ জামানের।