কমল দাশগুপ্তের জন্মশতবর্ষে...

ফিরোজা বেগমের কাছ থেকেই শুনি কমল দাশগুপ্তের কথা। ‘বোম্বের বিখ্যাত সংগীত পরিচালক নওশাদ জোগান ছবির জন্য ভৈরবী রাগের ওপর সুরারোপ করা কমল দাশগুপ্তের হিন্দি ভজন অনুমতি নিয়ে “যোগী মাত যা মাত যা” ব্যবহার করেন। তিনি অসংখ্য হিন্দি ভজন, কবীরের ভজন, যুথিক রায়ের কণ্ঠে মীরার ভজন, গোবিন্দ দাসের ভজন সুর করেছিলেন। তখন প্রতিটি রেকর্ড বের হওয়ার সঙ্গে সঙ্গে কত যে কপি বিক্রি হতো, আবার গীতের জন্মদাতাই কমল,’ বললেন ফিরোজা বেগম। তাঁর জনপ্রিয় বাংলা গানের সংখ্যা অনেক...‘তুমি এসেছিলে জীবনে আমার’, ‘এই কি গো শেষ দান’, ‘যদি আপনার মনে মাধুরী মিশায়ে’, ‘কত দিন দেখিনি তোমায়’, ‘ভালোবাসা মোরে ভিখারি করেছে’, ‘পৃথিবী আমারে চায়’, ‘এমন বরষা ছিল সেদিন’, ‘তুমি কি এখন দেখিছ স্বপন’, ‘চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়’, ‘দুটি পাখি দুটি তীরে’, ‘গভীর নিশীথে ঘুম ভেঙে যায়’, ‘আমার যাবার সময় হলো’, ‘তুমি হাতখানি যবে রাখো মোর হাতের পরে’, ‘ঘুমের ছায়া চাঁদের চোখে’, ‘আমি বনফুল গো’ প্রভৃতি জনপ্রিয় গানের সুরকার তিনি।
তিনি চলচ্চিত্রে রবীন্দ্রসংগীতের পরিচালনা করেছেন। ভাবীকাল ছবিতে কোনো গান ছিল না, ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছিলেন তিনি। চন্দ্রশেখর ছবিতে অশোক কুমার এবং কানন দেবী গেয়েছিলেন ‘অনাদিকালের স্রোতে ভাসা মোরা দুটি প্রাণ’। আর কানন দেবীকে দিয়ে গাইছিলেন শেষ উত্তরে ‘আমি বনফুল গো’। সিরাজউদ্দৌলা নাটকে কাজী নজরুল ইসলামের সঙ্গে কমল দাশ ও সংগীত পরিচালনা করেছিলেন।
প্রথম আলো, ১০ মে ২০১২