কম্বলের জন্য কনসার্ট

একটি কনসার্ট ঘোচাবে ৩২ জেলার অনেক মানুষের শীত। এমন উদ্যোগ নিয়েই আয়োজন করা হচ্ছে ‘কনসার্ট ফর কম্বল’। কোনো টিকিট নয়, কনসার্টে ঢুকতে হলে সঙ্গে আনতে হবে একটি কম্বল। প্রবেশপথে সেই কম্বল জমা দিলেই মিলবে ভেতরে ঢোকার অনুমতি। উপভোগ করা যাবে কনসার্ট। আগামীকাল রাজধানীর কলাবাগান মাঠে আয়োজন করা হয়েছে এই চ্যারিটি কনসার্টের।

কনসার্ট ফর কম্বলের উদ্যোগ নিয়েছে ‘প্রজেক্ট কম্বল’ নামের একটি সংগঠন। আর তাদের ডাকে সাড়া দিয়েছে দেশের প্রথম সারির ব্যান্ড এবং সংগীতশিল্পীরা। এর মধ্যে আছে অর্থহীন, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, চিরকুট, ডিফারেন্ট টাচ, দৃক, ধারক, হাবিব, তাহসান, কেএইচসি অ্যান্ড ফ্রেন্ডস, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, শূন্য ও যাত্রী। তারা সবাই কোনো ধরনের সম্মানী ছাড়াই এ আয়োজনে অংশ নিচ্ছে।

ভিন্ন ধারার এ কনসার্ট নিয়ে বেশ উচ্ছ্বসিত শিল্পীরা। অর্থহীন ব্যান্ডের সুমন বলেন, ‘উদ্যোক্তাদের সাধুবাদ জানাই। আমি মনে করি, এ রকম কনসার্ট আরও বেশি বেশি হওয়া দরকার।’

এদিকে চিরকুটের সুমি এ ধরনের উদ্যোগে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান। অন্যদিকে এ উদ্যোগে তাহসান তাঁর দল তাহসান অ্যান্ড সুফিজকে না আনলেও এককভাবে থাকবে তাঁর পরিবেশনা। এর সঙ্গে নিজের সম্পৃক্ততা নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে শীতার্তদের সহযোগিতায় কিছু করতে গেলে সমন্বয় করা কঠিন হয়ে যায়। কিন্তু কনসার্ট ফর কম্বলের মাধ্যমে সঠিক জায়গায় শীতবস্ত্র পৌঁছে যাবে বলে আশা করছি।’ আয়োজকেরা জানান, কনসার্ট শেষে দ্রুততম সময়ের মধ্যে কম্বল পৌঁছে দেওয়া হবে ৩২টি জেলার শীতার্ত মানুষদের মধ্যে। তাই কনসার্ট-পরবর্তী বিতরণ কার্যক্রমের ব্যয় বহন করার জন্য কনসার্ট মাঠে একটি অনুদান কেন্দ্রও রাখা হবে।
প্রজেক্ট কম্বলের পক্ষ থেকে আরও জানানো হয়, যারা কম্বল কেনার সুযোগ পাবে না, তারা কনসার্টে এসে ২৫০ টাকা দিয়ে কম্বল পাস কিনতে পারবে। কনসার্টটি চলবে বেলা দুইটা থেকে রাত ১১টা পর্যন্ত।