করোনায় মারা গেছেন সংগীতশিল্পী বর্ণ

মহামারি করোনাভাইরাসে মারা গেছেন তরুণ গায়ক বর্ণ চক্রবর্তী। তিনি এক সপ্তাহ ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর অক্সিজেন স্যাচুরেশন অনেক কম ছিল। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।

বর্ণ চক্রবর্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা গানের ভুবনে তরুণ তুর্কি বর্ণ চক্রবর্তী। মা–বাবা গানের মানুষ। তাই ছোটবেলা থেকে গানের ভেতরেই বেড়ে ওঠা তাঁর। প্রাতিষ্ঠানিক লেখাপড়া চারুকলায়। চারুকলায় উচ্চতর ডিগ্রি নিয়েও তাঁর পরিচিতি ছিল গানের মানুষ হিসেবে। ২০১২ সাল থেকে নির্মাণ করে চলেছেন মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র। গতকাল শনিবার রাতে এই তরুণ সংগীতশিল্পী চলে গেলেন সবকিছুর ঊর্ধ্বে, চিরঘুমে। স্তব্ধ হলো তাঁর কণ্ঠ, থেমে গেল সুর। মহামারি করোনা তাঁর মৃত্যুর কারণ।

বর্ণ চক্রবর্তী করোনায় আক্রান্ত হয়ে সাত দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মাত্র ৩৫ বছর বয়সে এই সংগীত পরিচালক শেষনিশ্বাস ত্যাগ করেন। বর্ণ করোনায় আক্রান্ত হয়ে সাত দিন ধরে হাসপাতালটিতে লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।

জানা গেছে, লাইফ সাপোর্টে থাকলেও বর্ণ চক্রবর্তীর অক্সিজেন স্যাচুরেশন কম ছিল। পরে প্রয়োজনীয় ইনজেকশন দিয়েও তা স্বাভাবিক করা যায়নি। এরপর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গতকাল রাত ১০টা ৪১ মিনিটে তাঁর মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকেরা।

৯ এপ্রিল মুক্তি পায় বর্ণ চক্রবর্তীর প্রথম একক অ্যালবাম ‘বোকা পাখি’

তরুণ এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো সংগীতাঙ্গনে। গীতিকার, সুরকার, গায়ক থেকে শুরু করে সংগীতভুবনের কেউই মেনে নিতে পারছেন না বিষয়টি। ফেসবুকে ছবি ও মন্তব্য দিয়ে শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, গীতিকার আসিফ ইকবাল, রন্টি দাস, জুলফিকার রাসেলসহ আরও অনেকেই।

ছোটবেলা থেকে গানের ভেতরেই বর্ণ চক্রবর্তীর বেড়ে ওঠা। গানের পাশাপাশি তিনি মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র নির্মাণ করতেন।

ছোটবেলা থেকে গানের ভেতরেই বর্ণ চক্রবর্তীর বেড়ে ওঠা

চলতি বছরের ৯ এপ্রিল মুক্তি পায় এই সংগীত পরিচালকের প্রথম একক অ্যালবাম ‘বোকা পাখি’। ভার্চ্যুয়ালি বেশ ঘটা করে এই অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। এতে যুক্ত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। সঙ্গে ছিলেন আরেক প্রতিষ্ঠিত সংগীতশিল্পী জয় শাহরিয়ার। অ্যালবামের সব কটি গানের কথা, সুর ও সংগীতায়োজন বর্ণ চক্রবর্তীর নিজেরই।