করোনা আক্রান্ত টুটুল, বাসাতেই চিকিৎসা নিচ্ছেন
কয়েক দিন ধরে গায়ে জ্বর গায়ক ও সংগীত পরিচালক এস আই টুটুলের। এর মধ্যেও ঘরে বসে কাজকর্ম করছিলেন। জ্বরের মাত্রা কমতে না দেখে তিন দিন আগে কোভিড–১৯ টেস্ট করান। আজ শুক্রবার ফলাফল হাতে পান। এরপর জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। প্রথম আলোকে করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী নিজে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন।
করোনায় আক্রান্তের খবরটি জানতে পারার পর থেকে উত্তরার বাসায় আলাদা থাকছেন এস আই টুটুল। কয়েকজন চিকিৎসকের পরামর্শে চলছে তাঁরা চিকিৎসাসেবা। টুটুলের স্ত্রী অভিনয়শিল্পী তানিয়া আহমেদ সন্তানদের নিয়ে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন। করোনার মহামারির আগে সেখানে যাওয়ার পর যোগাযোগ বন্ধ হওয়ার কারণে আর বাংলাদেশে ফিরতে পারেননি।
টুটুলের অক্সিজেন স্যাচুরেশন এখনো ঠিক আছে। তবে কিছু সমস্যা ভোগাচ্ছে তাঁকে। বললেন, ‘শরীরটা অনেক বেশি দুর্বল। গায়ে ব্যথা, কোনো কিছুর স্বাদ–গন্ধ পাচ্ছি না। জানি না কোন দিকে যাচ্ছি, তবে মানসিকভাবে নিজেকে শক্ত রাখছি। আর চিকিৎসকেরা যেভাবে খোঁজখবর রাখছেন, তাতে বেশ আশ্বস্ত হয়েছি।’
এস আই টুটুল ভক্ত–শ্রোতা সবার কাছে দোয়া চেয়েছেন।
শরীরটা অনেক বেশি দুর্বল। গায়ে ব্যথা, কোনো কিছুর স্বাদ–গন্ধ পাচ্ছি না। জানি না কোন দিকে যাচ্ছি, তবে মানসিকভাবে নিজেকে শক্ত রাখছি। আর চিকিৎসকেরা যেভাবে খোঁজখবর রাখছেন, তাতে বেশ আশ্বস্ত হয়েছি।এস আই টুটুল, সংগীতশিল্পী
করোনাকালে টেলিভিশন চ্যানেল আরটিভি একটি গানের রিয়েলিটি শো করছে। এই অনুষ্ঠানের অন্যতম একজন বিচারক এস আই টুটুল। করোনায় আক্রান্ত হওয়ার কারণে গতকাল সশরীর হাজির হতে পারেননি। তবে অনলাইনে ঠিকই কর্মকাণ্ডে অংশ নিয়েছেন তিনি।