করোনা সহায়তায় অনলাইন কনসার্ট শুরু আজ

করোনা মহামারিতে সহায়তা তহবিল গঠনে ‘স্বপ্নের ডাক’ নামে অনলাইন কনসার্টের আয়োজন করেছে ‘এশিয়াটিক ইএক্সপি’ ও অস্ট্রেলিয়ার ‘লিসেন ফর’ এবং সহযোগিতা করছে ইউএনডিপি। এই কনসার্ট আজ বাংলাদেশ সময় রাত আটটায় প্রথম পর্ব প্রচারের মধ্য দিয়ে শুরু হচ্ছে। এরপর একে একে দেখা যাবে সব পর্ব।
আয়োজনটি বাংলাদেশ ও এর বাইরে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণের সুবিধার্থে চারটি টাইম জোন ও চারটি পর্বে ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা ও বাংলাদেশ নিয়ে ভাগ করা হয়েছে। বাংলাদেশ, ইউরোপ ও উত্তর আমেরিকা জোনে ২০ জুন তাদের নিজস্ব সময় রাত ৮টায় এবং অস্ট্রেলিয়ায় ২১ জুন তাদের নিজস্ব সময় সন্ধ্যা ৭টায় এই কনসার্ট সরাসরি দেখা যাবে স্বপ্নের ডাক ওয়েবসাইট ও ফেসবুক পেজে। এ আয়োজন থেকে পাওয়া অর্থসহায়তা ইউএনডিপির মাধ্যমে চলে যাবে অসহায় মানুষের কাছে।
কনসার্টটিতে দেশি ও বিদেশি শিল্পীরা অংশগ্রহণ করবেন। শাফিন আহমেদ, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, সামিনা চৌধুরী, মাকসুদ ও ঢাকা, তাহসান খান, মিলা, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নি প্রমুখ দেশ থেকে এবং শ্রীকান্ত আচার্য, নচিকেতা, লোপামুদ্রা মিত্র, অর্ক মুখার্জি, চন্দন, অনিলা চৌধুরী প্রমুখ দেশের বাইরে থেকে অংশগ্রহণ করবেন। এ ছাড়া আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর, হাসান আরিফ, প্রজ্ঞা লাবণী ও শারমিন লাকি। আলাপচারিতায় যোগ দেবেন সারা যাকের, জুয়েল আইচ, নুসরাত ফারিয়া, মিথিলা, বিদ্যা সিনহা মিম, অপূর্ব, ফজলুর রহমান বাবু, আফসানা মিমি প্রমুখ। বিস্তারিত জানতে ও সহায়তা করতে ঢুকতে পারেন এখানে—www.swapner-daak.org.