করোনার গান গাইলেন মানিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা নিয়ে গান করেছেন ইসলাম মানিক। ছবি: সংগৃহীত
করোনা নিয়ে গান করেছেন ইসলাম মানিক। ছবি: সংগৃহীত

করোনা নিয়ে এবার গান করলেন তরুণ গায়ক ইসলাম মানিক। করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক গানটির কথা ও সুর করেছেন তিনি নিজেই। এ ছাড়া ‘আবার যুদ্ধে করতে হবে’ শিরোনামে গানটি নিজ উদ্যোগে প্রকাশও করেছেন তিনি।

‘সময় হয়েছে এক সাথে হবার / আবার যুদ্ধে করতে হবে তোমার আমার / এ যুদ্ধে নয় গোলা বারুদ / নয় কোন রক্ত / করোনাভাইরাসের বিরুদ্ধে মনকে রাখ শক্ত’। এ রকম কথায় লেখা গানটি প্রসঙ্গে মানিক বলেন, নিজে ঘরে বসে থাকতে পারছি না। পেশার তাগিদে বাড়ির বাইরে যেতেই হচ্ছে। তবে মানুষকে সচেতন করতে গানের আশ্রয় নিয়েছি। এই গান যদি একজন মানুষকেও সচেতন করে, আনন্দ দেয়, উদ্বুদ্ধ করে তাতেই আমার সার্থকতা। গানটির ভিডিও দেখা যাবে বাংলাদেশ ইনফো ডটকমের ইউটিউব চ্যানেলে।

পেশায় ব্যাংকার মানিক গান করছেন ছাত্রজীবন থেকে। ২০১৬ সালে নিজের লেখা ও সুর করা গান নিয়ে প্রকাশিত হয় তাঁর অ্যালবাম ‘মনঘুড়ি’। ২০০৮ সালে প্রকাশিত ‘মেঘলা মেয়ে’ নামে মানিকের প্রথম অ্যালবামের ‘মেয়ে তোমার আমি বন্ধু হব’ গানটি বেশ সাড়া ফেলে। অ্যালবাম দুটির সংগীতায়োজন করেছিলেন নন্দিত শিল্পী বাপ্পা মজুমদার ও ফোয়াদ নাসের বাবু।

ইসলাম মানিক। ছবি: সংগৃহীত
ইসলাম মানিক। ছবি: সংগৃহীত

শুরুতে ‘মন্দিরা’ ও পরে ‘ইসলাম মানিক অ্যান্ড ফ্রেন্ডস’ নামে গানের দল করেছিলেন মানিক। পেশার চাপে সেটি চালিয়ে যেতে পারেননি। তবে টেলিভিশন ও স্থানীয় পর্যায়ে গান করা চালিয়ে গেছেন তিনি। জানালেন আসছে ফসলের মৌসুমে কৃষকদের নিয়ে একটি নতুন গান করার প্রস্তুতি নিয়েছেন তিনি।