কর্নিয়ার 'হিরো'

সংগীতশিল্পী কর্নিয়ার হিরো আসছে! তাহলে কি নাটক বা চলচ্চিত্রে অভিনয়ে নামছেন কর্নিয়া! না, খবর হলো, নাটক-চলচ্চিত্র নয়, হিরো শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন পাওয়ার ভয়েজখ্যাত এই সংগীততারকা। মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে থাকবেন আরেক মডেল সান্জ্ জন।
পাওয়ার ভয়েজ ২০১২-এর প্রথম রানারআপ বিজয়ী কর্নিয়া এত দিন মঞ্চ ও চলচ্চিত্রে গান গেয়েছেন। প্রথমবারের মতো একক অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। অ্যালবামের ‘হিরো’ গানটি নিয়েই প্রথম মিউজিক ভিডিও করলেন। কর্নিয়া বললেন, ‘সারা জীবন স্বপ্ন ছিল নিজের করা মৌলিক গান নিয়ে মিউজিক ভিডিও করব। অ্যালবামের জন্য চারটি গান করা হয়েছে। সেখান থেকে এই গানটি নিয়ে মিউজিক ভিডিও করলাম।’ আরেফিন রুমির কথা, সুর ও সংগীতায়োজনে গানটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফরহাদ আহমেদ। মিউজিক ভিডিওটি মুক্তি দেওয়া হবে ১৬ জুন।