কর্মশালা শেষে আজ গাইবেন তাঁরা

ভূপেন হাজারিকার গান নিয়ে ঢাকায় শুরু হয়েছে দুই দিনের কর্মশালা। আজ বুধবার হয়ে গেল প্রথম দিনের কর্মশালা। কর্মশালা শেষে কাল বৃহস্পতিবার সন্ধ্যায় গান করবেন এতে অংশ নেওয়া প্রশিক্ষণার্থী শিল্পীরা। ঢাকায় ভূপেন হাজারিকা জয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমির আয়োজনে কর্মশালায় প্রশিক্ষণ দিতে আসাম থেকে এসেছেন শিল্পী ভূপেন হাজারিকার ভাইয়ের স্ত্রী মনীষা হাজারিকা।
আগামীকাল ভূপেন হাজারিকার ৯০তম জন্মদিন। এ উপলক্ষে তাঁর গায়কী ও দর্শন নিয়ে সকালে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবনের দ্বিতীয় তলায় ছিল দুই দিনের কর্মশালা। শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের আয়োজনে এ কর্মশালায় অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগীত দলের প্রায় ৪০ জন শিল্পী। আজ প্রথম দিন ‘মানুষ মানুষের জন্য’ ও ‘আয় আয় ছুটে আয় সজাগ জনতা’ গানদুটি নিয়ে ছিল আলোচনা ও প্রশিক্ষণ। কালও থাকবে দুটি গান নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ। প্রশিক্ষণে কিবোর্ডে সহায়তা করেছেন ভাবিরাম বড়ু, তবলায় বাদল চৌধুরী ও হারমোনিয়ামে রূপম ভূঁইয়া।
কাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ভূপেন হাজারিকা জয়ন্তীর আয়োজনে গান শোনাবে প্রশিক্ষণে অংশ নেওয়া এ প্রশিক্ষণার্থীরা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। ঢাকা কো-অর্ডিনেটিং চ্যাপ্টার ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর সমন্বয়ক এ এস এম সামছুল আরেফিনের সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন সাংসদ পংকজ নাথ, সংগীতশিল্পী কালিকা প্রসাদ, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, অজিত ভূঁইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
এ আয়োজনে গান করবে ভারতের লোকগানের দল দোহার।