কলকাতায় কাজ শুরু 'এক নির্ঝরের গান'-এর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান রেকর্ডিংয়ের ফাঁকে কলকাতার শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে এনামুল করিম নির্ঝর (বাঁ থেকে দ্বিতীয়)
গান রেকর্ডিংয়ের ফাঁকে কলকাতার শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে এনামুল করিম নির্ঝর (বাঁ থেকে দ্বিতীয়)

‘এক নির্ঝরের গান’ আয়োজনের প্রথম অ্যালবামটি বেরিয়েছে গত বছরের ১২ জুন। স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা গানের সংগীতায়োজন করেছেন ১৩ জন তরুণ সংগীতায়োজক। গান গেয়েছেন ৪১ জন শিল্পী। তাঁরা সবাই বাংলাদেশের শিল্পী। এরই মধ্যে কলকাতায় শুরু হয়েছে ‘এক নির্ঝরের গান’ আয়োজনের দ্বিতীয় অ্যালবামের কাজ। এই অ্যালবামের গানে কণ্ঠ দিচ্ছেন দুই বাংলার এই প্রজন্মের শিল্পীরা। ‘এক নির্ঝরের গান’ আয়োজনের এই অ্যালবামটিতে গান আছে ১০১টি।

গত সোমবার থেকে বুধবার কলকাতার ‘ভায়োলিন’ স্টুডিওতে ১১টি গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পীরা। এর মধ্যে আটটি গানের সংগীতায়োজন করেছেন কলকাতার সংগীত আয়োজক সৌরভ চক্রবর্তী। আর তিনটি গান ঢাকার সংগীত আয়োজকদের তৈরি। এই দলে আছেন মুন, লিমন, রোকন ইমন ও নির্ঝর চৌধুরী। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কিঞ্জল, অঙ্কন, সুদীপ্ত, জয়, প্রিয়ংবদা ও সৌম্য দত্ত।
‘এক নির্ঝরের গান’ প্রকাশ করেছে গানশালা। এই প্রতিষ্ঠানের হয়ে কলকাতায় ‘এক নির্ঝরের গান’ অ্যালবামের কাজ দেখাশোনা করছেন অনিন্দিতা কাজী। আজ বৃহস্পতিবার সকালে তিনি বলেন, ‘কলকাতায় এই প্রজন্মের ছেলেমেয়েদের নিয়ে এমন কাজ আগে হয়নি। এনামুল করিম নির্ঝরের এই ভাবনা গানে গানে দুই দেশের ছেলেমেয়েদের মধ্যে বন্ধুত্ব তৈরি করবে।’
এদিকে ‘এক নির্ঝরের গান’ অ্যালবামের ১০১টি গানের মধ্য থেকে ৩২টি নির্বাচিত গানের সংকলন কলকাতায় প্রকাশ করছে সারেগামা। ২৭ ফেব্রুয়ারি কলকাতায় আইসিসিআর মিলনায়তনে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।