কলকাতায় গাইবেন গুলাম আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলাম আলী
গুলাম আলী

পাকিস্তানের প্রখ্যাত গজলশিল্পী গুলাম আলী কলকাতায় গাইবেন ১২ জানুয়ারি। স্বামী বিবেকানন্দের জন্মদিনে কলকাতার পার্ক সার্কাসে আয়োজিত এক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন তিনি। সঙ্গে থাকবেন তাঁর ছেলে আমির আলী।

এর আগে গত বছর অক্টোবর মাসে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শিবসেনার প্রচণ্ড আপত্তির কারণে তাঁর আর মুম্বাইয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া হয়নি। এরপর গত ডিসেম্বর মাসে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আমন্ত্রণে দিল্লিতে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই অনুষ্ঠানে যোগ দেননি তিনি।

মুম্বাইয়ের ঘটনার পর গুলাম আলী বলেছিলেন, ‘আমি সব সময়ই ভারতের কাছ থেকে অফুরান ভালোবাসা পেয়ে আসছি। মুম্বাইয়ের ঘটনায় মনটা ভেঙে গেল ঠিকই, তাতে আমি রাগ করিনি। তবে গভীরভাবে আহত হয়েছি।’

মুম্বাইয়ের এই ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শিল্পীর কোনো দেশ হয় না। কলকাতায় অনুষ্ঠান করার জন্য গুলাম আলীকে সব সময় স্বাগত।’ এর পরপরই শিল্পীর সঙ্গে যোগাযোগ শুরু হয়।

গতকাল মঙ্গলবার মমতার তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়ান এক টুইট বার্তায় জানিয়েছেন, গুলাম আলী আসছেন ১২ জানুয়ারি। অনুষ্ঠান করবেন কলকাতার পার্ক সার্কাস ময়দানে।