কলকাতায় রুনা লায়লা এবার পুরস্কার দেবেন

‘এর আগে কলকাতায় আমাকে আমন্ত্রণ জানানো হয় পুরস্কার নেওয়ার জন্য। এবার কলকাতা থেকে আমন্ত্রণ পেয়েছি পুরস্কার দিতে।’ বললেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। কলকাতার কলামন্দিরে আজ শনিবার সেখানকার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় স্টেজ ক্রাফট ফাউন্ডেশনের আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। এখানে গান-অভিনয়ের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের পেছনের মানুষকে পুরস্কৃত করা হবে। এটি এই আসরের প্রথম আয়োজন। ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা সংগীতশিল্পী ঊষা উত্থুপ আর ফেস অব দ্য অর্গানাইজেশন নায়ক প্রসেনজিৎ।
গতকাল শুক্রবার বিকেল সোয়া পাঁচটায় জেট এয়ারওয়েজের একটি বিমানে চড়ে ঢাকা ছাড়েন রুনা লায়লা। তার আগে প্রথম আলোকে রুনা লায়লা বলেন, ‘পুরস্কার সাধারণত পর্দার সামনের মানুষকে দেওয়া হয়। কিন্তু এই সংগঠনটি পর্দার পেছনের মানুষকে সম্মানিত করার উদ্যোগ নিয়েছে। যা আমার খুবই ভালো লেগেছে।’
রুনা লায়লা এ-ও বলেন, ‘কলকাতার সংগীতশিল্পী উষা উত্থুপ আমার দীর্ঘদিনের পরিচিত। তার সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। তার অনুরোধে আমি অনুষ্ঠানে অতিথি হয়েছি। এর আগে পুরস্কার নিতে গিয়েছিলাম এবার পুরস্কার দিতে যাচ্ছি ভেবে ভালোই লাগছে। পুরস্কার দিতে পারাটাও অনেক আনন্দের।’