কলকাতায় সম্মানিত হচ্ছেন ফকির আলমগীর

ভারতের কলকাতা থেকে সম্মাননা জানানো হবে বাংলাদেশের শিল্পী ফকির আলমগীরকে। শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে মুঠোফোনে খবরটি জানালেন ফকির আলমগীর নিজেই।
ভারতের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ১৪ থেকে ২১ ডিসেম্বর কলকাতার নজরুল মঞ্চে শুরু হবে ‘বাংলা সংগীত মেলা’। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার কলকাতার নজরুল মঞ্চে ‘বাংলা সংগীত মেলা’র উদ্বোধন করবেন। এদিন সন্ধ্যায় বাংলাদেশের শিল্পী ফকির আলমগীরের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফকির আলমগীর জানান, বাংলা সংগীতে সামগ্রিক অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা জানানো হচ্ছে।
এ ধরনের সম্মাননা প্রাপ্তির আগে নিজের অনুভূতি প্রকাশ করে ফকির আলমগীর বলেন, ‘এক কথায় অসাধারণ। ২০০৪ সালে কলকাতার নন্দনে এ রকমই আরেকটি পুরস্কার পেয়েছিলাম। দীর্ঘ ১১ বছর পর আবার এমন একটি সম্মাননা আমাকে অভিভূত করেছে। আমি আপ্লুত ও গর্বিত। এ সম্মান আমার একার নয়, এ সম্মান পুরো গণসংগীতের। কারণ আমাকে সম্মাননা জানানোর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার গণসংগীতকে সম্মাননা জানাল।’
ফকির আলমগীর এও বলেন, ‘দীর্ঘ ৫০ বছর ধরে আমি গণসংগীতের সঙ্গে যুক্ত আছি। সলিল চৌধুরী, ভূপেন হাজারিকা হেমাঙ্গ বিশ্বাস, আবদুল লতিফ, আলতাফ মাহমুদ যে সংগীত নিয়ে থেকেছেন, সেই গণসংগীত নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কলকাতায় বাংলা সংগীত মেলার এমন আয়োজন থেকে এ ধরনের সম্মাননা প্রাপ্তি মানবিকতার জয়, অধিকার আদায়ের জয়।’
কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত ‘বাংলা সংগীত মেলা’ কর্তৃপক্ষের কাছ থেকে সম্মাননা গ্রহণ করতে ১৪ ডিসেম্বর সকালের ফ্লাইটে কলকাতায় যাবেন ফকির আলমগীর। ফিরবেন পরদিন দুপুরের ফ্লাইটে।