কলকাতায় 'এক নির্ঝরের গান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক নির্ঝরের গান অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা ছবি: ভাস্কর মুখার্জি
এক নির্ঝরের গান অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) মিলনায়তনে শনিবার চমৎকার এক সন্ধ্যা উপভোগ করেছেন দর্শক। বাংলাদেশের স্থপতি, চলচ্চিত্রনির্মাতা, গীতিকার ও সুরকার এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা গান গেয়েছেন দুই বাংলার তরুণ শিল্পীরা। গান দিয়ে এই প্রজন্মের সংগীতশিল্পীদের মাঝে এক সেতুবন্ধ তৈরি করছেন নির্ঝর।
গত শনিবার সন্ধ্যায় আইসিসিআর মিলনায়তনে এক নির্ঝরের গান অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে গানশালা কলকাতা ও সারেগামা। মোড়ক উন্মোচন করেছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা, দেবজ্যোতি মিশ্র, জয় সরকার, অনিন্দিতা কাজী, প্রমিতা মল্লিক, সারেগামার এস এফ করিম প্রমুখ।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘ব্যতিক্রমধর্মী শিল্পী এনামুল করিম নির্ঝর। আমি ওর গান শুনেছি। ওর গান নিশ্চয়ই দুই বাংলার বন্ধুত্বকে আরও গভীর করবে।’
এক নির্ঝরের গান অ্যালবামটি কলকাতা থেকে প্রকাশিত হওয়ায় দারুণ খুশি নির্ঝর। তিনি বলেন, ‘আমরা দুই বাংলার শিল্পীদের এক সূত্রে গেঁথেছি। আমার স্বপ্ন এখন বাস্তবকে ছুঁয়েছে। কাঁটাতারের বেড়া কোনো দিনই বাংলা গান আর সুরকে আটকাতে পারেনি, সেই কথা আবারও প্রমাণিত হলো।’
এক নির্ঝরের গান অ্যালবামের মোড়ক উন্মোচন ছাড়াও অন্যতম আকর্ষণ ছিল দুই বাংলার শিল্পীদের গান। এই আয়োজনে গান গেয়েছেন ঢাকার শিল্পী সভ্যতা, লিমন ও মুন আর কলকাতার কিঞ্জল, অঙ্কন, সুদীপ্ত, জয়, প্রিয়ংবদা আর সৌমদত্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনিন্দিতা কাজী।
এক নির্ঝরের গান আয়োজনের প্রথম অ্যালবাম ঢাকায় বেরিয়েছে গত বছরের ১২ জুন। ১০১টি গান আছে এই অ্যালবামে। এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা গানের সংগীতায়োজন করেছেন ১৩ জন তরুণ সংগীতায়োজক। গান গেয়েছেন ৪১ জন শিল্পী। এই ১০১টি গানের মধ্য থেকে ৩২টি নির্বাচিত গানের সংকলন কলকাতায় প্রকাশ করেছে সারেগামা।