কলেজ পেরোলেন নদী, নাউমি ও আঁচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদী
নদী

কলেজের গণ্ডি পেরোলেন রিয়ালিটি শো থেকে আসা তিন গায়িকা। এঁরা হলেন নদী, নাউমি ও আঁচল। ২০০৯ সালের ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার দ্বিতীয় রানার্স আপ মৌমিতা তাশরিন নদী রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৪.১০ পেয়েছেন। ‘ক্ষুদে গানরাজ’ থেকে আসা জারিন তাসনিম নাউমি ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছেন। আর বাংলাদেশি আইডলের সেরা পাঁচের অন্যতম প্রতিযোগী মুশাররাত জাহান আঁচল ঢাকার শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে বাণিজ্য বিভাগে জিপিএ-৩.৮০ পেয়েছেন।

নাউমি
নাউমি

নদী বলেন, ‘আমি অসুস্থতা নিয়ে পরীক্ষা দিয়েছি। এতটুকু আসতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। আমার পরিবারের সবাই এই ফল নিয়ে সন্তুষ্ট।’
নদী ঢাকার বনানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) ইংরেজি সাহিত্যে পড়বেন বলে ঠিক করেছেন।

আঁচল
আঁচল

নাউমি বলেন, ‘জিপিএ-৫ নিয়ে কিছুটা চিন্তায় ছিলাম। ফলাফল জানার পর অনেক বেশি খুশি হয়েছি। আমার ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়ার। এরই প্রস্তুতি নিচ্ছি। বাকিটা সময়ের ওপর ছেড়ে দিচ্ছি।’
আঁচল বলেন, ‘বাংলাদেশি আইডলে অংশ নেওয়াতে পড়াশোনায় অনেক বেশি অনিয়মিত হয়ে পড়েছিলাম। আমার বন্ধুরা যেখানে দুই বছরের পুরোটা পড়াশোনার সময় পেয়েছে, সেখানে আমি খুব বেশি সময় পাইনি। এত কিছুর পর আমি যে ফল করেছি, তাতে আমি ও আমার পরিবারের সবাই খুব খুশি।’ আঁচলের ইচ্ছা ইংরেজি সাহিত্যে পড়ার। আর সে জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাঁর খুব পছন্দ বলে জানান তিনি।