কাইলি মিনোগ-জসুয়ার বাগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাইলি মিনোগ ও জসুয়া সাস
কাইলি মিনোগ ও জসুয়া সাস

অস্ট্রেলীয় পপসংগীত তারকা কাইলি মিনোগ আর ব্রিটিশ অভিনেতা জসুয়া সাস প্রায় এক বছর চুটিয়ে প্রেম করার পর সম্প্রতি বাগদান করেছেন। গত বছর টেলিভিশন অনুষ্ঠান ‘গ্যালাভান্ট’-এ সাক্ষাতের পর এই দুজন প্রেমের সম্পর্কে জড়ান। বুধবার যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‘এনএমই’ বা নিউ মিউজিক্যাল অ্যাওয়ার্ডের লাল গালিচায় ৪৭ বছর বয়সী সংগীত তারকা কাইলি মিনোগের বাম হাতের অনামিকায় বাগদানের এই হিরের আংটি দেখা যাওয়ার পরপরই দুজনের বাগদানের এই খবরটি সবার কাছে স্পষ্ট হয়।

নিউ মিউজিক্যাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাদা লেইসের দারুণ সুন্দর এক পোশাকে উপস্থিত হয়েছিলেন কাইলি। তাঁর অনামিকায় জ্বলজ্বল করছিল বাগদানের হিরের আংটিটি।

‘গ্যালাভান্ট’খ্যাত জসুয়া সাসের সঙ্গে কাইলি মিনোগের বয়সের পার্থক্য ১৯ বছর। একটি সূত্র জানিয়েছে, কাইলি তাঁদের বাগদানের বিষয়টি নিয়ে এত দিন মুখে কুলুপ এঁটে বসেছিলেন। কিন্তু তাঁর বাগদত্তা জসুয়া সাস নাকি বেশ গর্ব করেই নিজের হবু বউ হিসেবে কাইলিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। 

২৮ বছর বয়সী অভিনেতা সাস বেশ মজা করেই বলেন, ‘কাইলি আমার সঙ্গে থাকার মানে হলো যেকোনো পার্টিতে ঢুকতে আমাকে আর ঝামেলায় পড়তে হবে না।’

গেল সপ্তাহে এই দুই তারকা জুটিকে একসঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত হতেও দেখা গেছে। দুজনের একটি ছবি সাস তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন, ‘আমার প্রেমিকার সঙ্গে অসাধারণ এক রাতে।’

এক সাক্ষাৎকারে কাইলি মিনোগ প্রথম তাঁর নতুন এই প্রেমের ব্যাপারে মুখ খোলেন। সেখানে তিনি সাস সম্পর্কে বলেছিলেন, ‘ও নিঃসন্দেহে একজন বুদ্ধিমান পুরুষ। আমি যদি খুব সাধারণ থাকারও চেষ্টা করি তবুও আমার চোখেমুখে সুখের দীপ্তি ফুটে ওঠে।’

বয়সের পার্থক্য যে এই দুজনের প্রেমে কোনোই প্রভাব ফেলতে পারেনি তা এই জুটির উচ্ছ্বাসেই স্পষ্ট। সুখের আভা তাঁদের চোখে মুখে। ইঅনলাইন ডটকম।