কান উৎসবে পার্থ বড়ুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কান সমুদ্রসৈকতে পার্থ বড়ুয়া। ছবি: সৌজন্য
কান সমুদ্রসৈকতে পার্থ বড়ুয়া। ছবি: সৌজন্য

আজ ২৮ মে শেষ হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এরই মধ্যে এ উৎসবে যোগ দিতে গেছেন দেশের জনপ্রিয় গায়ক পার্থ বড়ুয়া। একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার আবহ সংগীতের কাজ করার সুবাদে তিনি কান উৎসবে গেছেন। উৎসবের শর্ট ফিল্ম কর্নারে অংশ নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দাগ’। এই ছবির আবহ সংগীত করেছেন পার্থ বড়ুয়া। এটি তাঁর প্রথমবারের মতো কান উৎসবে যাওয়া।

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তৈরি করা হয়েছে দাগ ছবিটি। ১৩ মিনিট দৈর্ঘ্যের এই ছবিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, রাজনৈতিক প্রেক্ষাপট, রাজাকারদের রাতারাতি ধনী হয়ে ওঠা, তৎকালীন ঢাকার চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। ছবির অভিনয়শিল্পীরা হলেন শতাব্দী ওয়াদুদ, শশী ও বাকার বকুল।
পার্থ বড়ুয়া জানান, উৎসবের শেষ দিন পর্যন্ত কান শহরে থাকবেন তিনি। এ উৎসবে এসে বিশ্ব চলচ্চিত্রের নামকরা কয়েকজন ফিল্ম প্রফেশনালের সঙ্গে তাঁর কথা বলার সুযোগ হয়েছে।
পার্থ জানান, তিনি সাধারণত সিনেমার আবহ সংগীতের কাজ করেন না। কিন্তু ‘দাগ’ সিনেমার পরিচালক জসিম উদ্দিনের সঙ্গে তাঁর ২০ বছরের বেশি সময় ধরে বন্ধুত্ব। এই বন্ধুত্বের কারণে তিনি আবহ সংগীতের প্রস্তাব ফেরাতে পারেননি।