অপ্রীতিকর কোনো কিছু যেন না ঘটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ আকবর
আসিফ আকবর
>তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা মামলায় জেলে আছেন সংগীতশিল্পী আসিফ আকবর। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে তাঁর অফিস থেকে গ্রেপ্তার করে। এরপর থেকে অনেকটাই উত্তাল সংগীতাঙ্গন। বিষয়টি নিয়ে অনেকের নানা মতামত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁরা এখন সুন্দর সংগীতাঙ্গনের জন্য সুন্দর সমাধান খুঁজছেন। গতকাল প্রথম আলো মূল দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ করেছে। এখানে তাঁদের সর্বশেষ অবস্থান তুলে ধরা হলো।


তিন দিন ধরে কারাগারের চার দেয়ালে বন্দীজীবন কাটাচ্ছেন আসিফ আকবর। দেশের সংগীতের জনপ্রিয় এই শিল্পীর কারাগারে যাওয়ার পর থেকেই দেশে ও দেশের বাইরে তাঁর ভক্তরা ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যও করছেন। বিষয়টি নিয়ে চিন্তিত এবং বিব্রত আসিফ ও তাঁর পরিবার। এ নিয়ে গতকাল শুক্রবার পরিবারের পক্ষ থেকে আসিফের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করা হয়।
আসিফের পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘ফেসবুকে আসিফের পক্ষপাতিত্ব করতে গিয়ে কাউকে হেয় করা বা নেতিবাচক মন্তব্য করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। এটা আমাদের জন্য খুবই বিব্রতকর।’
পরিবারের পক্ষ থেকে এও জানানো হয়, ‘আসিফের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভক্ত-শ্রোতারা দেশে ও দেশের বাইরের নানা প্রান্তে মানববন্ধন করছেন। আসিফকে ভালোবেসে ভক্তরা তা করে যাচ্ছেন। সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ, আপনারা খেয়াল রাখুন যেন অপ্রীতিকর কোনো কিছু যেন না ঘটে।’
আসিফের বিরুদ্ধে গীতিকার শফিক তুহিনের অভিযোগ, আসিফ অনুমতি না নিয়ে তাঁর গানসহ ৬১৭টি গান বিক্রি করেছেন। বিষয়টি জানার পর তুহিন তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে গায়ক আসিফও তাঁর মত তুলে ধরেন। তুহিনের দাবি, আসিফ তাঁর সম্পর্কে আপত্তিকর বক্তব্য দিয়েছেন। মামলায় তুহিন দাবি করেন, শনিবার রাতে আসিফ ফেসবুকে লাইভে এসে তুহিনকে হুমকি দেন। আসিফের লাখো অনুসারী দেখেছেন, পড়েছেন, যাতে তুহিনের মানহানি হয়েছে।
আসিফকে নির্দোষ দাবি করে তাঁর আইনজীবীরা আদালতে যুক্তি দেখান, তুহিনকে কী হুমকি দিয়েছেন আসিফ, তা মামলায় উল্লেখ নেই। আদালতে আসিফ বলেছেন, তুহিনই ফেসবুকে তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি মামলা করতে পারতেন, কিন্তু করেননি। ফেসবুক লাইভে তাঁর আগে তুহিনই এসেছিলেন।
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আসিফকে দেখতে পরিবারের সদস্যরা ছাড়াও সংগীতজগতের কয়েকজন গেছেন। এর মধ্যে সংগীতপরিচালক শওকত আলী ইমন, ধ্রুব মিউজিক স্টেশনের স্বত্বাধিকারী ধ্রুব গুহ প্রমুখ। আসিফের স্ত্রী বেগম সালমা আসিফ বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন মেনেই ওর জামিনের প্রক্রিয়া চলছে।’
শুক্রবার বিকেলে আসিফের সঙ্গে দেখা শেষে ফেরার সময় ধ্রুব গুহ প্রথম আলোকে বলেন, ‘কারাগারেও তাঁর ভক্তের অভাব নেই। তিনি প্রাণবন্তই আছেন। কোনো সমস্যা হচ্ছে না। আসিফ বলেছেন, আমি গান বিক্রি করে অনেক টাকা হাতিয়ে নিলে তাঁরা আমার ব্যাংক হিসাব দেখুক। বিচারককেও তিনি এ কথা বলেছেন।’