কার্দাশিয়ানের রিয়েলিটি শোতে ফুয়াদের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ান’ অনুষ্ঠানের পোস্টার
‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ান’ অনুষ্ঠানের পোস্টার

কিম কার্দাশিয়ানের আজকের এই বিশ্বজোড়া তারকাখ্যাতি তাঁর রিয়েলিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’-এর কল্যাণে। শুধু কিম নন, তাঁর পুরো পরিবারই তো রাতারাতি তারকা বনে গেল এই একটি শো দিয়ে। এই রিয়েলিটি শোয়ে কার্দাশিয়ান পরিবারের নানা আলোচিত ঘটনা উঠে আসে। কিমের বিয়ে-মধুচন্দ্রিমা-বিবাহবিচ্ছেদ থেকে শুরু করে তাঁর বাবা ক্রিসের ক্যাটলিন জেনার হয়ে যাওয়ার গল্প পর্যন্ত এই অনুষ্ঠানের বিষয়বস্তু! কিন্তু এ দেশের দর্শকদের জন্য কার্দাশিয়ানদের এই অনুষ্ঠান কোনো নতুন খবর নয়। নতুন খবর হলো, আলোচিত এই মার্কিন রিয়েলিটি  শোয়ের গত রোববারের পর্বে শোনা গেছে বাংলাদেশের গায়ক ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের গান ‘সাব সিটি’।
কার্দাশিয়ানদের এই রিয়েলিটি শোতে ফুয়াদের গান ব্যবহার হওয়ার ব্যাপারটি বাংলাদেশের সংগীতের জন্য একটা বড় সাফল্য মনে করছেন সংগীতসংশ্লিষ্ট ব্যক্তিরা। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ফুয়াদ নিজেও। যুক্তরাষ্ট্র সময় সোমবার রাতে প্রথম আলোর সঙ্গে কথা বলেন ফুয়াদ। কীভাবে এই শোয়ের অংশ হলেন তিনি? জানতে চাইলে ফুয়াদ বললেন, ‘লস অ্যাঞ্জেলেসে আমার বন্ধু জয় বসুর একটা কোম্পানি আছে। ওই কোম্পানি হলিউডের অনেক টিভি শোয়ের জন্য গান করে থাকে। আমি তাঁরই সহযোগিতায় কাজটা করেছি। আমার ওই বন্ধুটি কিন্তু সেখানকার সফল সংগীতকর্মীও। তিনিও চাইছেন, আমি যেন নিয়মিত এখানে (যুক্তরাষ্ট্রে) এ ধরনের কাজ করি।’

ফুয়াদ আল মুক্তাদির
ফুয়াদ আল মুক্তাদির

ফুয়াদ জানান, ‘এমটিভি রিয়েল ওয়ার্ল্ড’ নামের একটা শোতেও তাঁর গান ব্যবহৃত হয়েছে।
‘কিপিং আপ উইথ কার্দাশিয়ানস’-এ নিজের তৈরি গান শোনার অভিজ্ঞতা জানিয়ে ফুয়াদ বললেন, ‘খুবই চমৎকার অভিজ্ঞতা এটা। মাত্র তো শুরু হলো। এখানে আরও কাজ করতে চাই।’
যুক্তরাষ্ট্রে থেকেই নিয়মিত গানের কাজ চালিয়ে যাচ্ছেন ফুয়াদ। এই মুহূর্তে তিনি কনা ও কোনালের নতুন অ্যালবামের কয়েকটি গানের কাজ নিয়েও ব্যস্ত আছেন।