কাল উদীচীর জাতীয় গণসংগীত প্রতিযোগিতা
উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্মদিনকে উপলক্ষ করে কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয়েছে গণসংগীত প্রতিযোগিতা। এবারের উৎসবের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘আমার লড়াই আমার গান, উঠবে জেগে সর্ব প্রাণ’।
আগামীকাল অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতার ঢাকা জেলা পর্ব। উদীচীর প্রচার ও তথ্য বিভাগ সম্পাদক কংকন নাগ প্রথম আলোকে জানান, শুক্রবার সকাল ১০টায় সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে শুরু হবে বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘দলীয়’—এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একক প্রতিযোগিতার ক্ষেত্রে অনূর্ধ্ব-১২ বছর বয়সীরা ‘ক’ বিভাগে, ১২ থেকে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীরা ‘খ’ বিভাগে এবং ১৮ বছরের বেশি বয়সী সব প্রতিযোগী ‘গ’ বিভাগের অন্তর্ভুক্ত থাকবেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন গণসংগীত গীতিকার ও সুরকার অধ্যাপক মতলুব আলী, শাহীন সরদার ও সোহানা আহমেদ।
গণসংগীতের প্রচার, প্রসার এবং একে একটি স্বতন্ত্র সংগীতের ধারা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রতিবছর গণসংগীত উৎসব আয়োজন করে উদীচী। ২৮ মার্চ সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। এর আগে দেশে ও বিদেশে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীরা অংশ নেবেন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। সেখানে যাঁরা বিজয়ী হবেন, তাঁরা ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিভাগীয় পর্যায়ে একক বিভাগগুলোর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী এবং দলীয় বিভাগে শুধু প্রথম স্থান অধিকারী দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।