কাল গান শোনাবেন সুরাইয়া

নজরুলসংগীত থেকে শুরু করে গণসংগীত, লোকগীতি, লালনগীতিসহ নানা আঙ্গিকের গানের প্রস্তুতি নিয়েছেন সুরাইয়া পারভীন। কাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে গান শোনাবেন তিনি। তাঁর একক গানের এই আয়োজন নিয়ে আরও অনেক কিছু জানা যাবে কালকের অনুষ্ঠানে।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সংগীত–বিষয়ক সম্পাদক সুরাইয়া পারভীন। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে শোনা যাবে তাঁর একক গানের অনুষ্ঠান। সুরাইয়া জানিয়েছেন, নানা ধরনের গানের প্রস্তুতি নিয়েছেন তিনি। উদীচী সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে কথা বলবেন উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ। এরপর সুরাইয়া পারভীনের সংক্ষিপ্ত জীবন পাঠ করবেন কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম। পরে সুরাইয়া পারভীনের একক পরিবেশনা।
গানের ফাঁকে ফাঁকে সুরাইয়া পারভীনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেবেন উদীচীর সভাপতি কামাল লোহানী, গণফোরাম সভাপতি কামাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদারসহ বিশিষ্টজনেরা।