কাল থেকে বামবার কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল ঈদের দিন থেকে তিন দিনের কনসার্ট হবে রাজধানীর যমুনা ফিউচার পার্কে। কিন্তু তা দুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। যৌথভাবে কানসার্টটির আয়োজক বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা), যমুনা ফিউচার পার্ক ও যমুনা টিভি।

যমুনা টিভির অনুষ্ঠান-প্রধান সুপন রায় বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে ২৪ ব্যান্ডের অংশগ্রহণে অনেক বড় একটি আয়োজন এটি। এ ধরনের আয়োজনের ক্ষেত্রে অনেক সময় দরকার। তা ছাড়া ঈদের দিন ঢাকায় অনেক ধরনের কার্যক্রম থাকে। তাই আয়োজকদের সবার মতামত নিয়ে অনুষ্ঠানটি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে।’

সুপন রায় এ-ও বলেন, ‘ঈদে সবাইকে বাড়তি বিনোদন দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মঞ্চের সামনে ১৫ হাজার দর্শক প্রতিদিন এই কনসার্ট উপভোগ করতে পারবেন। আর যমুনা টিভির মাধ্যমে দেশে এবং দেশের বাইরের দর্শকেরা তা দেখতে পাবেন।’

বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ‘বিভিন্ন উত্সব উপলক্ষে বামবা কনসার্ট আয়োজন করে। আর তা বরাবরই ব্যতিক্রম একটি কনসার্ট হয়ে থাকে। তবে ঈদে এবারই প্রথম আমরা রক উত্সব আয়োজন করছি।’

ভক্ত-শ্রোতাদের উদ্দেশে এলআরবি ব্যান্ডের অন্যতম সদস্য আইয়ুব বাচ্চু বলেন, ‘৩১ জুলাই থেকে শুরু হওয়া কনসার্টটির জন্য সবাই প্রস্তুত হও। বাংলাদেশে এ ধরনের আয়োজন রক মিউজিকের ইতিহাসে প্রথমবার ঘটতে যাচ্ছে। তিন দিনের এই উত্সবের একটি দিনও কেউ মিস করবে না।’

ঈদের আগে কনসার্টটি নিয়ে বামবা, যমুনা ফিউচার পার্ক ও যমুনা টিভি আয়োজকদের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। তিন দিনের এই কনসার্টে গান করবে দেশের ২৪টি ব্যান্ড। প্রতিদিন থাকবে আটটি ব্যান্ডের পরিবেশনা। ‘যমুনা-বামবা ঈদ ওপেন এয়ার কনসার্ট’ শিরোনামে এই কনসার্ট শুরু হবে প্রতিদিন বিকেল পাঁচটায়। চলবে মধ্যরাত পর্যন্ত। সরাসরি দেখাবে যমুনা টিভি।

জানা গেছে, যমুনা-বামবা ঈদ ওপেন এয়ার কনসার্টে গান করবে নগরবাউল, মাইলস, এলআরবি, সোলস, ফিডব্যাক, রেনেসাঁ, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, ওয়ারফেজ, প্রমিথিউস, দলছুট, অর্থহীন, ক্রিপটিক ফেইট, শিরোনামহীন, মেটাল মেইজ, পাওয়ার সার্জ, মেকানিক্স, নেমেসিস, আর্বো ভাইরাস, রেডিও অ্যাক্টিভ, বেদুঈন, নাগরিক, দৃক ও ডার্ক।