কাল থেকে সপ্তাহব্যাপী নজরুল সম্মেলন
আগামীকাল ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী নজরুল সম্মেলন। রাজধানীর শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বিকেল সাড়ে ৫টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।
গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে নজরুল সম্মেলন-২০১৫ ’-এর বিস্তারিত তথ্য জানিয়েছেন সম্মেলনের আয়োজকেরা। এ সময় উপস্থিত ছিলেন নজরুল একাডেমীর অধ্যক্ষ ও নজরুল সংগীত শিল্পী খালিদ হোসেন, সাধারণ সম্পাদক মিন্টু রহমান, সহসভাপতি সৈয়দ আখতার ইউসুফ, যুগ্ম সম্পাদক প্রকৌশলী এম আতিকুর রহমান ও প্রচার সম্পাদক রেজা মতিন।
আয়োজকেরা জানান, ভারত ও বাংলাদেশ, এই দুই দেশের নজরুল চর্চাকে আরও প্রশস্ত করার প্রয়াসেই আয়োজন করা হচ্ছে ‘নজরুল সম্মেলন-২০১৫ ’।
আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নজরুল একাডেমীর সভাপতি আশরাফ সিদ্দিকী। উপস্থিত থাকবেন কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী ও সুবর্ণ কাজী। থাকবেন ভারতের পশ্চিমবঙ্গের ‘অগ্নিবীণা’র শিল্পীরা।
ভাষাসংগ্রামী মোহাম্মদ আবদুল গফুরের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয়দিন বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। এ অনুষ্ঠানে নজরুলের গান নিয়ে আলোচনা করবেন নজরুল একাডেমী ও অগ্নিবীণার শিল্পীরা।
সম্মেলনের তৃতীয়দিন ২৭ নভেম্বর ফেনী শিল্পকলা একাডেমীতে বিকেল ৪টা থেকে শুরু হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চতুর্থ দিন ২৮ নভেম্বর চট্টগ্রামের নজরুল স্কয়ার ডিসি হলে বিকেল ৩টা থেকে থাকবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চট্টগ্রাম জেলা নজরুল একাডেমীর তত্ত্বাবধানে এই আয়োজনের উদ্বোধন করার কথা রয়েছে খিলখিল কাজী, সুবর্ণ কাজী ও চট্টগ্রামের জেলা প্রশাসকের।
সম্মেলনের পঞ্চম দিনের অনুষ্ঠানটি চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হবে বিকেল ৫টা থেকে। সম্মেলনের পরের দুই দিনের অনুষ্ঠান থাকবে রাজধানীর মগবাজারের বেলালাবাদে নজরুল একাডেমীর প্রধান কার্যালয়ে।