কিংবদন্তির ডাকে অসুস্থতাকে 'না'

নিজের ফেসবুক পেজে গতকাল মঙ্গলবার বিকেলে দেওয়া এক পোস্টে গায়ক ইমরান জানিয়েছিলেন, খুবই অসুস্থ তিনি। এর ঠিক ১৩ ঘণ্টা পর দেওয়া আরেক পোস্টে তিনি জানালেন, কিংবদন্তি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকের সঙ্গে একটি গান গাওয়ার খবর। বাংলাদেশি সংগীতের কিংবদন্তি এই সংগীতকারের ফোন পেয়ে অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে স্টুডিওতে ছুটে যান ইমরান। গাইলেন সিনেমার গান।
এর মাধ্যমে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে কোনো গান করার সুযোগ হলো এ প্রজন্মের গায়ক ও সংগীত পরিচালক ইমরানের। অসুস্থতা সত্ত্বেও মাত্র ১৫ মিনিটে গানটি গেয়ে শেষ করেছেন বলে জানালেন ইমরান। কিংবদন্তি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের গানে প্রথমবারের মতো কণ্ঠ দিলেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান।
আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে সিনেমার গান করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইমরান। আর এই উচ্ছ্বাসের অনুভূতি নতুন প্রজন্মের এই শিল্পী তাঁর ফেসবুক পেজেও ভাগাভাগি করেছেন।
ইমরান বলেন, ‘অসুস্থ হয়ে বাসায় বিশ্রামে ছিলাম। কিন্তু হঠাৎ তাঁর মতো কিংবদন্তির ফোন পেয়ে সর্দি-কাশি সব পালিয়ে গেল। অসুস্থ শরীরেই ছুটে গেলাম বুলবুল স্যারের স্টুডিওতে। তিনি আমার শারীরিক অবস্থা বুঝতে পেরেও সেভাবেই কণ্ঠ দেওয়ার পরামর্শ দিলেন। তাঁর অনুপ্রেরণায় আমিও সাহস পেলাম। গানটি গাওয়া শেষ করতে ১৫ মিনিটও লাগল না! স্যার অনেক খুশি হলেন।’
ইমরান আরও বলেন, ‘১৫ মিনিটে গান গাওয়া শেষ করে আমি তাঁর সঙ্গে গল্প করলাম দুই ঘণ্টা। অনেক পরামর্শ দিলেন, যা ভবিষ্যতে আমার অনেক কাজে আসবে। বড় মিউজিশিয়ানের মন যে কত উদার হয়, তা আজ আবারও বুঝলাম। তিনি আসলেই অনেক বড় মনের মানুষ।’