কিশোরের 'তোমাকে যদি না পাই'

কণ্ঠশিল্পী কনার সঙ্গে একটি দ্বৈত গানের অ্যালবাম নিয়ে আসছেন গায়ক ও সংগীত পরিচালক কিশোর। তিন গানের এই অ্যালবামের নাম ‘তোমাকে যদি না পাই’। সপ্তাহ খানেকের মধ্যে অ্যালবামটি বাজারে আসবে বলে জানান কিশোর।
এর আগে এলিটাকে নিয়ে দ্বৈত গানের একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন এ প্রজন্মের গায়ক ও সংগীত পরিচালক কিশোর। এরই ধারাবাহিকতায় এবারের অ্যালবাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি অ্যালবামের সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর নিজেই। তিনটি গানের মধ্যে দুটি গানে কিশোরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কনা।
কিশোরের নতুন এই অ্যালবামের গানগুলোর শিরোনাম হচ্ছে ‘কেন তবে’, ‘যদি না পাই’ ও ‘হাওয়ায় হাওয়ায়’। গানের কথাগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন, মাহমুদ মানজুর ও সোমেশ্বর অলি।
এ প্রসঙ্গে কিশোর বলেন, ‘আমি বরাবরই রোমান্টিক ধাঁচের গান করি। এই অ্যালবামেও তেমন কয়েকটি গান গাইলাম। কনার সঙ্গে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া হয়েছে। দ্বৈত গানের অ্যালবাম এবারই প্রথম। আমাদের দুজনেরই দুই ধরনের শ্রোতাগোষ্ঠী রয়েছে। গানগুলো তাঁদের অবশ্যই ভালো লাগবে।’
কিশোর জানান, সংগীতার ব্যানারে প্রকাশিত এই অ্যালবামের গানের ভিডিও নির্মাণ করা হবে।