কিশোর-লিজার 'বিন্দু বিন্দু প্রেম'

ঈদ উপলক্ষে প্রকাশিতব্য মিশ্র অ্যালবাম ‘কিছু কথা’র জন্য গান গাইলেন এ প্রজন্মের সংগীতশিল্পী কিশোর ও লিজা। গতকাল বুধবার মগবাজারের ‘কম্পোজ স্ট্যান্ড’ স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তাঁরা। ‘বিন্দু বিন্দু প্রেম’ শিরোনামের গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। গাওয়ার পাশাপাশি গানটির সুর-সংগীতায়োজনও করেছেন কিশোর।
অ্যালবামে গান গাওয়া প্রসঙ্গে লিজা বলেন, ‘কিশোর ভাইয়ার সঙ্গে পরিচয় অনেক দিনের। আমরা একসঙ্গে দলীয় গানে কণ্ঠ দিয়েছি। এবারই দ্বৈত কোনো গান গাইলাম। এ গানটা বিশেষ; কারণ, এর সুর ও সংগীত করেছেন কিশোর ভাইয়া নিজে।’
সুরকার ও সংগীত পরিচালক কিশোর প্রসঙ্গে লিজা বলেন, ‘আমার কাছে মনে হয়, বর্তমানে তিনি অনেক ভালো কাজ করছেন। তাঁর একটা ভিন্ন স্টাইল আছে। যা সত্যি আমার ভালো লাগে। তাঁর সুর ও সংগীত পরিচালনায় অনেক গান শুনেছি। এবার গাইলাম। খুব ভালো লেগেছে।’
কিশোর বলেন, ‘লিজা বরাবরই ভালো গায়। এই গানটিও সে খুব দরদ দিয়ে গেয়েছে। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
রিয়ালিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে পেশাদারভাবে গানের জগতে পথচলা শুরু করেন কিশোর ও লিজা। অডিও অ্যালবামের পাশাপাশি দুজনেই চলচ্চিত্রেও গান করেছেন। পাশাপাশি স্টেজ শো তো আছেই।