কিশোরী আমনকার চলে গেলেন...

হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠসংগীত শিল্পী কিশোরী আমনকার গত রাতে মারা গেছেন। শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
পারিবারিক সূত্র জানায়, মুম্বাইয়ে তাঁর নিজের বাড়িতে মারা যান এ শিল্পী। ১৯৩২ সালে ১০ এপ্রিল তাঁর জন্ম হয়। ছিলেন ঐতিহ্যবাহী হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের অন্যতম কণ্ঠশিল্পী। শাস্ত্রীয় সংগীতে তিনি ছিলেন জয়পুর ঘরানার অনন্য নজির। তাঁর মা মোগুবাই কুরদিকারও ছিলেন বিখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী, যিনি জয়পুর ঘরানার শীর্ষ মণি আল্লাদিয়া খাঁ সাহেবের কাছে সংগীত শেখেন। মায়ের হাতেই সংগীতের হাতে খড়ি হয় কিশোরীর। এরপর তিনি তৈরি করেন শাস্ত্রীয় সংগীতে তাঁর নিজস্ব ধারা। অন্যান্য ঘরানাকেও তাঁর এ ধারা প্রভাবিত করে।
শিল্পীর মৃত্যুতে বলিউডের সংগীত ও চলচ্চিত্রের তারকারা শোকবার্তা দিয়েছেন। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর বলেন, সংগীতে তাঁর অনেক বড় অবদান ছিল। মধুর ভান্ডরকার টুইট করেছেন, হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের শীর্ষ এ শিল্পীর চলে যাওয়া সত্যিই দুঃখের। তাঁর সংগীতই তাঁকে অমর করে রাখবে।
তিনি ১৯৮৭ সালে পদ্মভূষণ ও ২০০২ সালে পদ্মবিভূষণ পদক পান। ২০১৪ সালে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন এই শিল্পী। টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি অবলম্বনে